কেরানীগঞ্জে মহানবী সা:কে কটূক্তিকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

 ঢাকা জেলা প্রতিনিধি

Advertisement

মহানবী হজরত মুহাম্মদ সা:কে নিয়ে কটূক্তির অভিযোগে অনিক ও জুনায়েদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান, এই জালিম নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তা না হলে রাজপথের আন্দোলন আরো বেগবান হবে।
শুক্রবার বাদ জুমা ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকে কেরানীগঞ্জের রাস্তায় এক পাশ বন্ধ হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে দুই পাশ বন্ধ করে দেয়া হবে। অনিক ও জুনায়েদের ফাঁসি কার্যকর না হলে ঢাকাসহ বিভিন্ন পয়েন্টে রাস্তা বন্ধ করে তৌহিদি জনতা আন্দোলন গড়ে তুলবে। 
তিনি আরো বলেন, মহানবী সা:-এর সম্মান ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা মহানবী সা:-কে নিয়ে কটূক্তির অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আইন প্রণয়নের আহ্বান জানান তারা।
ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে দেশবরেণ্য আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।