চবি শামসুন নাহার হলে ফেস্ট ও সংবর্ধনা অনুষ্ঠিত

 

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন নাহার হল সংসদের আয়োজনে এবং শামসুন নাহার হল প্রশাসনের সহযোগিতায় ‘শামসুন নাহার হল ফেস্ট’ এবং বিদায়ী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ গত বৃহস্পতিবার রাতে হলের টেনিস কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হলের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য ও সভাপতিত্ব করেন শামসুন নাহার হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি প্রফেসর ড. বেগম ইসমত আরা হক।
সম্মানিত অতিথির বক্তব্য দেন- শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. জহুরুল আলম, চবি প্রক্টর প্রফেসর ড. মো: কামরুল হোসেন এবং চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- শামসুন নাহার হল সংসদের ভিপি ফাইরোজ ফেরদৌস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোনতাহিনা জান্নাত স্বর্ণা ও শ্রাবণী চৌধুরী মম। হল সংসদের জিএস সাদিয়া বিনতে সিদ্দিক শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের হল শুধু আবাসনের জায়গা নয়; হল হবে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞানচর্চা ও পারস্পরিক সম্প্রীতির কেন্দ্র। বৈচিত্র্যই এখানে আমাদের বড় শক্তি। আমরা চাই, হলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ুক, সুস্থ প্রতিযোগিতা গড়ে উঠুক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটুক। হলগুলোর সংস্কার ও উন্নয়নে আমরা অগ্রাধিকার দিচ্ছি। প্রশাসনিক কার্যক্রমে অটোমেশন বা ডিজিটাল নথি ব্যবস্থাপনা চালুর পাশাপাশি ছাত্রী হল নির্মাণ, টিএসসি প্রতিষ্ঠা এবং ছাত্রীদের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে।
বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন তিনি এবং বর্তমানদের জন্য শুভ কামনা জানান। বিজ্ঞপ্তি।