
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-খুলনা-কুষ্টিয়ার অভিমুখে অনুষ্ঠিতব্য লংমার্চ বাস্তবায়নে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একসভা গতকাল রাতে অনুষ্ঠিত হয়। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেন, জনদাবি পূরণেই ১১ দলের লংমার্চ চলছে। সরকার যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আর লংমার্চের প্রয়োজন হবে না। জনগণের সাথে কৃত ওয়াদা পূরণ না করায় আমরা বাধ্য হয়ে লংমার্চ করছি। গণভোটের গণরায় উপেক্ষা ও সংস্কার পরিষদের শপথ না নেয়া জাতির সাথে প্রতারণার শামিল। তিনি আরো বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং তেল, গ্যাস ও সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের দাম নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হওয়ায় আমাদেরকে জাতির প্রয়োজনে ৮ দফা দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করতে হচ্ছে। দেশবাসীকে আগের মতো ৩১ অক্টোবর ঢাকা-যশোর-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিতে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করতে তিনি আহ্বান জানান।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও আবদুর রব। এ ছাড়াও বক্তৃতা করেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আমাদের আকাক্সক্ষার চেয়ে ১০ গুণ বেশি মানুষ ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে অনুষ্ঠিত লংমার্চ এবং ঢাকা থেকে রংপুরের অভিমুখে অনুষ্ঠিত লংমার্চে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠিত প্রতিটি লংমার্চ মানববন্ধনে রূপ নিয়েছিল। জনগণের অধিকার আদায়ের কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে লংমার্চ সফল করতে এগিয়ে আসছে। ১১ দলীয় ঐক্যের প্রতি জনগণের যেই বিশ্বাস ও আস্থা সেই বিশ্বাস ও আস্থা বজায় রেখে আমরা জনগণের দাবি আদায়ে আপসহীন ভূমিকা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সঙ্কীর্ণ দলীয়করণ বন্ধ করা, দুর্নীতি এবং দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ করাসহ ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচির মধ্যে তৃতীয় ধাপে আগামী শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে যশোর-খুলনা-কুষ্টিয়ার অভিমুখে অনুষ্ঠিতব্য লংমার্চ কর্মসূচিতে দেশবাসীকে সাথে নিয়ে সর্বস্তরের নেতাকর্মীকে অংশগ্রহণ করতে নূরুল ইসলাম বুলবুল এমপি আহ্বান জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








