
সংসদ প্রতিবেদক
দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর শূন্যপদ দ্রুত পূরণে অগ্রাধিকার দেয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর চলমান কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি এবং শূন্যপদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও তাগিদ দিয়েছে কমিটি।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশকে অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাব এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়।
বৈঠকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামগ্রিক কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত থেকে কাজ করার পরামর্শ দেয়া হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি।
বৈঠকে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের বাস্তবায়িত অংশ এবং বিভিন্ন পর্যায়ের শূন্যপদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেয়ার সুপারিশ করা হয়। শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেয়া হয়। কমিটি মনে করে, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর কার্যক্রম আরো গতিশীল করা সম্ভব হবে। বৈঠকে কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, মোছা: সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মো: কামরুল হাসান ও মো: আবু তালিব অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








