মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখলমুক্ত ও চাঁদাবাজি বন্ধের দাবি

 নিজস্ব প্রতিবেদক 

Advertisement

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীরা পাঁচটি  লেগুনা স্ট্যান্ড দখল করে লেগুনা মালিকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। একই সাথে গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা ধার্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। 
এ অবস্থায় চাঁদাবাজি বন্ধ ও হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং স্ট্যান্ডগুলো দখলমুক্ত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন বৃহত্তর মিরপুর লেগুনা মালিক-শ্রমিক ইউনিয়ন। 
গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের নেতারা। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: ইয়াকুব আলী, মো: নজরুল ইসলাম, মো: সাইদুল শেখ, আলামিন ও ফিরোজসহ সংগঠনের অন্য সদস্যরা। 
লিখিত বক্তব্যে মো: ইয়াকুব আলী বলেন, গত ৫ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে মিরপুর ১ নম্বর সেকশনের পাঁচটি লেগুনা স্ট্যান্ড নিয়ন্ত্রণে নেয়া হয়। এ ঘটনায় ঢাকা-১৪ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী এস এ সিদ্দিক সাজ্জুর সমর্থক ও সহযোগী হিসেবে  পরিচিত এবং অপকর্মের দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত বিপ্লব, সোলেমান দেওয়ান, মহব্বত আলী, পাভেল ভূঁইয়া, তৈয়ব আলী, আলমগীর হোসেন, শামীম ও মজিবর রহমানসহ ৬০ থেকে ৭০ জন জড়িত বলে অভিযোগ করা হয়। 
সংগঠনের নেতাদের দাবি, লেগুনার মালিকদের কাছ থেকে প্রতিটি গাড়ির জন্য ৩০০ টাকা চাঁদা চাওয়া হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়-ভীতি দেখানো ও চাপ সৃষ্টি করা হয়। এ ছাড়া লেগুনার মালিক ইয়াকুব আলী, নজরুল ইসলাম ও বাবুলের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলার ঘটনার পর ইয়াকুব আলী দারুস সালাম থানায় অভিযোগ জানাতে গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে তদন্ত এবং কোনো পুলিশ সদস্যের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে পাঁচটি স্ট্যান্ড দখলের অভিযোগ তদন্ত, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার, অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং স্ট্যান্ডগুলো দখলমুক্ত করার দাবি জানানো হয়।