১৩ বছর পর আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া মসজিদ ফের চালু
১৩ বছর পর আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া মসজিদ ফের চালু।

আনাদোলু
গৃহযুদ্ধের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার দীর্ঘ ১৩ বছর পর আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া গ্র্যান্ড মসজিদ পুনরায় চালু করেছে সিরিয়া। উত্তরাঞ্চলীয় এই শহরের ঐতিহ্যবাহী মসজিদটি সংস্কারকাজ শেষে বৃহস্পতিবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানায়, মসজিদটি পুনরায় চালুর উদ্বোধন অনুষ্ঠানে আলেপ্পোর গভর্নর আজম আল-গারিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আল-গারিব বলেন, ‘কঠিন কয়েক বছর ধ্বংসযজ্ঞের শিকার হওয়ার পর আলেপ্পোর এই বৃহৎ মসজিদটি সংস্কার করে আজ আমরা মহান সৃষ্টিকর্তার একটি ঘর পুনরায় চালু করতে পেরে সম্মানিত বোধ করছি।’
তিনি জানান, উমাইয়া শাসনামলে নির্মিত এই মসজিদটি বহু শতাব্দী ধরে ঐতিহাসিক শহরটিতে শিক্ষা ও ধর্মীয় জীবনের অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছিল।
২০১১ সালের মার্চে শুরু হওয়া সিরিয়ার গণবিক্ষোভে এই মসজিদের ভূমিকার কথাও স্মরণ করেন গভর্নর। তিনি  উল্লেখ করেন, সাবেক শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন বিক্ষোভ এই স্থান থেকেই গড়ে উঠেছিল। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মসজিদ ও এর আশপাশের এলাকায় সাবেক সরকারি বাহিনী এবং বিরোধী পক্ষগুলোর মধ্যে তীব্র লড়াই চলে। ওই সময় মসজিদটির নিয়ন্ত্রণ বারবার হাতবদল হয়। পরবর্তী সময়ে সঙ্ঘাত ও বোমা হামলায় ঐতিহাসিক মিনার, গম্বুজ ও খিলানসহ মসজিদটির ব্যাপক ক্ষতি হলে ২০১৩ সালে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সরকারের পতনের পর আলেপ্পোর এনডাউমেন্টস ডিরেক্টরেট মসজিদটির স্থাপত্য ও ঐতিহাসিক রূপ অক্ষুণœ রেখে সংস্কারকাজ শুরু করে। আলেপ্পোর গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত এই উমাইয়া মসজিদটি সিরিয়ার প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর একটি। অষ্টম শতাব্দীর শুরুর দিকে উমাইয়া আমলে এর নির্মাণকাজ শুরু হয়েছিল। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, খলিফা সুলায়মান ইবনে আবদুল মালিক এটি প্রতিষ্ঠা করেছিলেন।

Advertisement