প্রধানমন্ত্রীর স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার খুলেছে : রাসিক প্রশাসক
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন । নয়া দিগন্ত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এ উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Advertisement

রোববার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) উদ্যোগে দিবসপি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

রাসিক প্রশাসক বলেন, ‘আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। বিশেষ করে বেকার যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমি সব সময় আপনাদের পাশে আছি। আসুন, আমরা সবাই মিলে রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও সম্ভাবনাময় নগরী হিসেবে গড়ে তুলি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্প্য প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নগরীর সিএন্ডবি মোড় থেকে রাজশাহী শিশু একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানে যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যরা উদ্বোধনী নৃত্য, দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা পরিবেশন করেন। এ ছাড়া যুবসমাজের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে যুব উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সুরক্ষা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপির কর্মকর্তা, যুব প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।