
শুক্রবার বিকেল। আজ সাপ্তাহিক ছুটির দিন। বাবা বললেন,
-রাফিন, চলো ব্রহ্মপুত্র নদের ধারে ঘুরে আসি।
রাফিন তো খুব খুশি। বাবার হাত ধরে সে ছুটে চলল।
নদের কাছে যেতেই রাফিন দেখল, চারদিকে সাদা সাদা কাশফুল ফুটে আছে। বাতাস লাগলে কাশফুলগুলো দুলছে।
- রাফিন বলল,
- বাবা, কাশফুলগুলো নাচছে কেন?
বাবা বললেন,
- বাতাস লাগছে তাই দুলছে।
- এগুলো এত সাদা কেন?
- কাশফুল এমনই সাদা হয়।
রাফিন আবার জিজ্ঞেস করল,
- বাবা, এখন কোন ঋতু?
- এখন শরৎকাল।
- শরৎ এসেছে কিভাবে বুঝব?
বাবা বললেন,
- কাশফুল ফুটেছে, আকাশে সাদা মেঘ ভাসছে, বাতাসও বেশ সুন্দর। এগুলো শরতের চিহ্ন।
রাফিন একটু ভেবে বলল,
- বাবা, বর্ষায় কি কাশফুল থাকে?
- থাকে, তবে শরতের মতো এত সুন্দর করে ফুটে ওঠে না।
- শীতে কী হয়?
- শীতে ঠাণ্ডা পড়ে, সকালে কুয়াশা থাকে।
-গরমকালে?
-অনেক গরম পড়ে। আম, কাঁঠাল, লিচু পাকে।
রাফিনের প্রশ্ন শুনে বাবা হেসে বললেন,
- তোমার প্রশ্নের তো শেষ নেই!
রাফিন বলল,
- আমি সবকিছু জানতে চাই বাবা।
এমন সময় হঠাৎ একটি প্রজাপতি এসে রাফিনের সামনে উড়তে লাগল। রাফিন প্রজাপতিটির পেছনে ছুটল। কিছুদূর গিয়ে সে থেমে গেল।
- বাবা, প্রজাপতিটা কোথায় গেল?
বাবা বললেন,
- ফুলের কাছে গেছে। ওরাও তো ফুল ভালোবাসে। রাফিন কাশফুলের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল,
- বাবা, শরৎ খুব সুন্দর!
বাবা বললেন,
- হ্যাঁ। প্রকৃতির প্রতিটি ঋতুরই আলাদা সৌন্দর্য আছে।
ফেরার সময় রাফিন বলল,
-আগামী শুক্রবার আবার আসব। তখন তোমাকে আরো প্রশ্ন করব!
বাবা হেসে বললেন,
-ঠিক আছে, আমার ছোট্ট কৌতূহলী বাবা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








