রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে তুঘলকি কান্ড
  •  সরকার নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি বেশী রাখা হচ্ছে ৬-৭শ’ টাকা
  •  বিক্রেতাদের বললেন ‘কার কাছে অভিযোগ দিবো?

রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে শুরু হয়েছে তুঘলকি কান্ড। যে যেভাবে পারছে ভোক্তাদের কাছ থেকে বাড়তি দাম আদায় করছে। ফলে অনেক মানুষ এখন ঘরে রান্নার বদলে হোটেল থেকে অল্পস্বল্প খাবার কিনে তাই দিয়ে দিন পার করছেন। সরকার নির্ধারিত ১৮শ’ ৩৭ টাকার গ্যাস খুচরা পর্যায়ে ২৪-২৭শ’ টাকায় কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। ভোক্তাদের অভিযোগ, সিলিন্ডার প্রতি ৬-৭শ’ টাকা বেশী দিয়েও অনেক সময় তারা গ্যাস পাচ্ছেন না। 
১২ লিটারের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সরকার বাড়িয়েছে ২৫২ টাকা। সেই হিসেবে একজন ভোক্তা ১৮শ’ ৩৭ টাকায় একটি সিলিন্ডার পাওয়ার কথা। সরকার ভ্যাটসহ এই দাম নির্ধারণ করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর ঘোষণা অনুযায়ী ১৮শ’ ৩৭ টাকায়ই ভোক্তার ১২ লিটারের রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়ার কথা। কিন্তু সেই সিলিন্ডার কিনতে হচ্ছে ২৪ থেকে ২৭শ’ টাকায়। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসরকারী খাতের গ্যাস সিলিন্ডারগুলোর হাত বদলালে টাকার অংক বাড়ে। একাধিক ক্রেতা বলেন, ডিলাররা কোম্পানী থেকেই কমিশন পায়। ওই কমিশন খুরচা বিক্রেতা পর্যন্ত পৌঁছার কথা। যাতে সবার লাভের ভাগ থাকতে। কিন্তু তা না হয়ে উল্টো লাভের অংক  ক্রেতাদের উপর চাপছে। সরকার নির্ধারিত দামে কেউ সিলিন্ডার কিনতে পারছে না। কোম্পানি, ডিলার, খুচরা বিক্রেতা সবাই কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে দাম বাড়িয়েই চলছে। অনেক ডিলার আছে, যাদেরকে দিনের বেলায় খুঁজেও পাবেন না। 
রাতে তারা দোকান খুলে সিলিন্ডার বিক্রি করে, যাতে জনগণের রোষে না পড়ে। ডেমরার মিরপাড়ার সিকদার পেট্রোলপাম্পের উল্টা পাশে খন্দকার এন্টার প্রাইজ। যে ডিলারের গুদামে হাজার হাজার সিলিন্ডার থাকলেও দিনের বেলায় তাদের টিকিটিও দেখা যায় না। রাতে খুচরা বিক্রেতাদের ফোন করে গ্যাস সংগ্রহ করতে বলে। এখানে বিপ্লব ও মিজান নামের দু’জন ডিলার রয়েছেন। 
যারা খুচরা বিক্রেতাদের কাছ থেকে সিলিন্ডার প্রতি ২১-২২শ’ টাকা নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাশেরপুল এলাকার এক সিলিন্ডার বিক্রেতা বলেন, তারা যদি ২২শ’ টাকা দিয়ে কেনেন, তবে কতো টাকায় বিক্রি করবেন। সিলিন্ডার প্রতি এক-দু’শো টাকা ব্যবসা না করলে তারা কিভাবে ব্যবসা চালাবেন। অপর এক ব্যবসায়ী বলেন, অনেক সময় দেখা যায় গাড়ী পাঠিয়ে দুই তিনদিন অপেক্ষা করতে হয় সিলিন্ডারের জন্য। এই দুই-তিনদিনের জন্য বাড়তি ভাড়া গুনতে হয় ব্যবসায়ীদের।
ঢাকা-ডেমরা রোডের কাউন্সিল এলাকায় ফ্রেশ কোম্পানীর গ্যাস সিলিন্ডারের ডিলার হলেন, ইমরান ফয়সাল ও মনির। তাদের গোডাউনে হাজার হাজার সিলিন্ডার গুদামজাত থাকে। সুযোগ পেলেই মানুষকে জিম্মি করে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশী টাকায় সেই সিলিন্ডার বিক্রি করে। গতকাল দুপুরের দিকেও ওই গোডাউনের সামনে বেশ কয়েকজন খুচরা বিক্রেতাকে দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ জানান, যে যতো বেশী দাম দিতে পারে তার গাড়ীটি আগে লোড হয়। সরকারের কোন নির্দেশ মানছে না এই ডিলাররা। আর যতো গালাগাল শুনতে হয় খুচরা বিক্রেতাদের। 
সরকার অভিযান চালালে অভিযান চলে খুচরা বিক্রেতাদের দোকানে। কিন্তু যারা মূল অপরাধ করছে তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। যাত্রাবাড়ির বাসিন্দা সাগর জানান, তার বাসায় সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্ন হয়। কিন্তু গ্যাসের যে দাম রাখা হচ্ছে তা দিয়ে রান্না করা সম্ভব না। গত কয়েকদিন ধরেই বাইরের হোটেল থেকে খাবার কিনে এনে খাচ্ছেন। সাগর বলেন, কার কাছে অভিযোগ জানাবেন, অভিযোগ জানিয়েও তো কোন লাভ নেই!
 

Advertisement