
ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল এখন এএফসি অনূর্ধ্ব-১৭ আসর। বাংলাদেশের আগে ২০১৬ ও ২০১৯ সালে এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলেছিল। মাঝে ২০২৩ ও ২০২৫ সালে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া। এবার আবার চূড়ান্ত পর্বে খেলতে বাংলাদেশ দল এখন উজবেকিস্তানে অবস্থান করছে। আজ মেঘলা রানী রায়দের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিকরা। উজবেক মেয়েরা অবশ্য প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল। তাদের ৪-০তে উড়িয়ে দিয়ে ফিলিপাইন জানান দিয়েছে তারা ‘এইচ’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে উঠার অন্যতম ফেবারিট। ফলে প্রথম ম্যাচে হেরে আজ বাংলাদেশের উপর ঝড় বইয়ে দেয়ার চেষ্টায় থাকবে উজবেকিস্তান। বাংলাদেশ সময় বিকেল ৫টায় তাশখন্দের দশটলিক স্টেডিয়াম ট্রেনিং সেন্টারে হবে এই ম্যাচ।
সাইফুল বারী টিটুর দল এই আসরে খেলতে যাওয়ার আগে জর্দানের বিপক্ষে আম্মানের মাঠে দু’টি ম্যাচ খেলেছিল। দুই ম্যাচেই তাদের জয়। প্রথম খেলায় ৫-০তে জয়ের পর ফিরতি খেলায় ২-০তে জয়। এই অভিজ্ঞতায় দলটির অন্যতম ভরসা। জর্দানের বিপক্ষে দুই ম্যাচে তিন গোল করেছেন স্ট্রাইকার আলপি আক্তার। সর্বশেষ নারী লিগের সর্বোচ্চ এই গোলদাতাই লাল-সবুজদের অন্যতম ভরসা। এ ছাড়া পোস্টের নিচে মেঘলা রায়, ফরোয়ার্ড লাইনে উম্মে কুলসুম, ফাতেমারা আজ জ্বলে উঠতে পারলে উজবেকিস্তানের বিপক্ষে জেতা সম্ভব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








