
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্রথমবার দ্য হেগে বসার ৮০ বছর পর, আমি পিস প্যালেসের ‘গ্রেট হল অব জাস্টিস’-এ প্রবেশ করলাম বিচারকদের আসন গ্রহণের মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে।
তারা মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা এক যুগান্তকারী ও পথপ্রদর্শক মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করতে যাচ্ছিলেন। ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে জেনোসাইড (যেখানে থাকে কোনো নির্দিষ্ট জাতি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় সম্প্রদায়কে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস বা নিশ্চিহ্ন করার সুপরিকল্পিত উদ্দেশ্য।)—যাকে 'সকল অপরাধের সেরা অপরাধ' হিসেবে বর্ণনা করা হয়—সংঘটনের জন্য দোষী সাব্যস্ত করতে যাচ্ছিল আদালত।
পশ্চিম আফ্রিকার ৩০ লাখেরও কম জনসংখ্যার এক চিলতে দেশ গাম্বিয়া—যার নামকরণ হয়েছে দেশটিকে বিভক্ত করা নদীর নামানুসারে—মামলাটি দায়ের করার পর সাত বছর পেরিয়ে গেছে। দেশটি যুক্তি দিয়েছিল যে, মিয়ানমার তাদের পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাসকারী প্রধানত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছিল।
হলোকাস্টের পর আন্তর্জাতিক আইনে জেনোসাইডের সংজ্ঞা নির্ধারণ এবং রাষ্ট্রগুলোকে তা প্রতিরোধ ও শাস্তি প্রদানে বাধ্য করতে প্রণীত জাতিসঙ্ঘ প্রথম মানবাধিকার চুক্তি—১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীনে মামলাটি দায়ের করা হয়েছিল।
অতীতে ১৯৯০-এর দশকে সাবেক যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো ব্যক্তিবিশেষকে জেনোসাইডের দায়ে দোষী সাব্যস্ত করেছিল। কিন্তু এবার জাতিসঙ্ঘ সর্বোচ্চ আদালত আইসিজে—যা মূলত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে—তার সামনে প্রশ্ন ছিল যে, একটি রাষ্ট্র হিসেবে খোদ মিয়ানমারকে এর জন্য দায়ী করা যায় কি না।
আদালত প্রমাণ পেয়েছে যে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা গ্রামগুলো পুড়িয়ে দিয়েছে, গণহত্যা ও ব্যাপক ধর্ষণ চালিয়েছে এবং পরিকল্পিতভাবে শিশুদের হত্যা করেছে। সাধারণ মানুষ পালিয়ে যাওয়ার সময় সৈন্যরা তাদের ওপর গুলি চালিয়েছে, এমনকি যারা সাঁতরে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদেরও রেহাই দেয়া হয়নি।
সাত লাখেরও বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে, যেখানে কক্সবাজারে বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে দশ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
আদালত কক্ষে প্রবেশের সময়ই বেঁচে ফেরা ভুক্তভোগী ও সাক্ষীদের কেউ কেউ ফুঁপিয়ে কাঁদছিলেন। গাম্বিয়াকে মামলাটি দায়ের করতে সাহায্যকারী এবং দেশটির আইনি দলের নেতৃত্বদানকারী মার্কিন আইনজীবী আরসালান সুলেমানকে বেশ শান্ত দেখাচ্ছিল; তিনি আত্মবিশ্বাসী হাসি দিয়ে আমাকে অভিবাদন জানালেন।
আগের দিন আদালতের প্রেস টিম সাংবাদিকদের সেই দুটি কক্ষ দেখিয়েছিল, যেগুলো বিচারকরা এজলাসে প্রবেশের আগে ব্যবহার করেন। ‘গ্রিন রুম’-এ, যেখানে তারা কালো গাউন এবং সাদা লেসের কলার পরেন, প্রতিটি চেয়ারের সামনের টেবিলে একটি করে নামফলক রাখা ছিল। এরপর বিচারকরা সাবেক আদালত প্রেসিডেন্টদের প্রতিকৃতির নিচে ‘রেড রুম’-এ সমবেত হন। প্রেস টিম আমাদের আসনবিন্যাসও দেখিয়েছিল, তাই আমি জানতাম যে গত মাসে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান বিচারক নাভি পিল্লাই সবার আগে দরজা দিয়ে প্রবেশ করবেন।
কত বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত হয়েছেন তা দেখে আমি অবাক হয়েছিলাম। প্রেস রুম পূর্ণ হয়ে যাওয়ায় আদালত তার ক্যাফেটেরিয়ায় বিচারকার্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে। উদ্বোধনী মুহূর্তের ছবি তোলার জন্য এজলাসের ভেতরে আমার হাতে মাত্র ১০ মিনিট সময় ছিল।
‘লা কুর!’ (আদালত উপস্থিত!)
আমরা যখন বিচারকদের প্রবেশের অপেক্ষায় ছিলাম, পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। আমি বিচারকদের প্রবেশপথের দিকে আমার ক্যামেরা তাক করলাম। কাঠের প্যানেলযুক্ত হলের দেয়াল জুড়ে স্কটিশ শিল্পী ডগলাস স্ট্র্যাচানের তৈরি চারটি রঙিন কাচের জানালায় লাল ও বেগুনি রঙে যুদ্ধের ভয়াবহতা এবং নীল ও সাদা রঙে শান্তিময় ভবিষ্যতের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
'লা কুর!' (আদালত উপস্থিত!)—আদালতের কর্মচারী (আশার) দরজা খুলে এই ঘোষণা দেয়ার সাথে সাথে এজলাসের ভেতরে থাকা সবাই দাঁড়িয়ে গেলেন। তার ঠিক ওপরেই ঝুলছিল আলবার্ট বেসনার্ডের আঁকা ‘পিস থ্রু জাস্টিস’ (ন্যায়বিচারের মাধ্যমে শান্তি) চিত্রকর্মটি, যেখানে দুই যুদ্ধরত পক্ষের মাঝখানে শান্তির দেবীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সবার আগে প্রবেশ করলেন পিল্লাই, এবং তার পেছনে আইসিজে বেঞ্চের অন্য ১৪ জন বিচারক, যাদের প্রত্যেকেই জাতিসঙ্ঘ সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা নয় বছরের মেয়াদে নির্বাচিত। গাম্বিয়া জাতিসঙ্ঘে সাবেক মানবাধিকার প্রধান পিল্লাইকে এই মামলায় অ্যাড-হক (বিশেষ) বিচারক হিসেবে মনোনীত করেছিল।
শান্তি ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার কাজের স্বীকৃতিস্বরূপ পিল্লাইকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। গত ৯ অক্টোবর পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে, যেখানে পিল্লাই ছিলেন প্রথম দিকের বিচারকদের একজন। দ্য হেগে অবস্থিত আইসিসি-ও গণহত্যাসহ বিভিন্ন অপরাধের জন্য ব্যক্তিবিশেষের বিচার করে।
রোহিঙ্গা মামলার রায়ের কয়েক সপ্তাহ আগে জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ পিল্লাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, তিনি আমেরিকান এবং তাদের মিত্রদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে গণহত্যা প্রমাণের মানদণ্ড নিচে নামানোর চেষ্টা করছেন; পাশাপাশি তিনি সতর্ক করেছিলেন যে ওয়াশিংটন বিচারপ্রক্রিয়া নিবিড়ভাবে 'পর্যবেক্ষণ' করবে। কিন্তু বিচারকদের নেতৃত্ব দিয়ে হলে প্রবেশের সময় পিল্লাইকে বেশ নির্ভীক ও দৃঢ়চেতা দেখাচ্ছিল।
জাতিসঙ্ঘের রুয়ান্ডা বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে—যে অ্যাড-হক আদালতের নেতৃত্বও তিনি পূর্বে দিয়েছিলেন—পিল্লাই সেই তিনজন বিচারকের একজন ছিলেন যারা ১৯৯৮ সালে রুয়ান্ডার সাবেক মেয়র জঁ-পল আকাইয়েসুকে দোষী সাব্যস্ত করেছিলেন। সেটিই ছিল কোনো আন্তর্জাতিক আদালতে প্রথমবারের মতো কোনো ব্যক্তিকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা। রায়ের যে অংশটিতে প্রতিষ্ঠিত হয়েছিল যে ধর্ষণ এবং অন্যান্য যৌন সহিংসতাও গণহত্যার শামিল হতে পারে, পিল্লাই তার খসড়া তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন—যা আন্তর্জাতিক আইনে ছিল আরেকটি প্রথম ঘটনা।
সর্বশেষ, তিনি অধিকৃত ফিলিস্তিন ও ইসরাইলবিষয়ক জাতিসঙ্ঘের স্বাধীন তদন্ত কমিশনের সভাপতিত্ব করেছিলেন, যা গত বছর উপসংহারে পৌঁছেছিল যে ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
গত ১৯ নভেম্বর, নয়-ছয় সংখ্যাগরিষ্ঠতার রায়ে (যেখানে পিল্লাই সংখ্যাগরিষ্ঠ পক্ষে ছিলেন) আইসিজে রায় দেয় যে, নয় বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ হামলার সময় উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে।
‘আমরা অত্যন্ত আনন্দিত’
রায়ের পর সুলেমান গলায় রূপালি মালা পরে রোহিঙ্গা ভুক্তভোগী ও তার সহকর্মীদের সাথে আনন্দ উদযাপন করেন। রোহিঙ্গাদের ঐতিহ্যবাহী উৎসবের রীতি অনুযায়ী অন্যরা নীল, সোনালি ও রুপালি মালা পরেছিলেন।
গাম্বিয়ার বিচারমন্ত্রী এবং আদালতে দেশটির প্রতিনিধি দাউদা জালো মিডল ইস্ট আই-কে বলেন, 'আমরা অত্যন্ত আনন্দিত যে অবশেষে আমরা একটি ইতিবাচক রায় পেয়েছি এবং আদালতের কাছে যা চেয়েছিলাম তার প্রায় সবই পেয়েছি। এটি নজিরবিহীন।'
পরদিন পিস প্যালেস থেকে কয়েক মিনিটের হাঁটাপথের দূরত্বে সুলেমানের হোটেলে বসে আমরা প্রায় এক ঘণ্টা কথা বলি—কীভাবে এই অসাধারণ ও নজিরবিহীন মামলাটি গড়ে তোলা হয়েছিল এবং খোদ গাম্বিয়া নদীর মতোই আঁকাবাঁকা ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে কীভাবে ন্যায়বিচার অর্জিত হলো, তা নিয়ে।
সুলেমান পাকিস্তানি বংশোদ্ভূত একজন মুসলিম আমেরিকান, যার জন্ম ও বেড়ে ওঠা নিউ অরলিন্সে। তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফরেন সার্ভিসে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে পড়াশোনা করেন, এরপর ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে আন্তর্জাতিক শান্তি অধ্যয়নে স্নাতকোত্তর এবং হার্ভার্ড ল স্কুল থেকে আইন ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে মার্কিন ল ফার্ম ‘ফোলি হোগ’-এর অংশীদার সুলেমান পূর্বে প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-তে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৌদি আরবে সদর দফতরবিশিষ্ট ৫৭টি দেশের এই জোটটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্বের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর স্বার্থ রক্ষায় কাজ করে। সেখানে গড়ে ওঠা সম্পর্কগুলোই তাঁকে গাম্বিয়ার কাছে এই মামলার ধারণাটি নিয়ে যেতে সাহায্য করেছিল।
বাংলাদেশ থেকে দ্য হেগ
এ মামলাটি আটলান্টিক উপকূলের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ গণতান্ত্রিক দেশ—আফ্রিকার মূল ভূখণ্ডের ক্ষুদ্রতম রাষ্ট্র গাম্বিয়াকে গণহত্যার এক ঐতিহাসিক রায়ের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
আন্তর্জাতিক ন্যায়বিচারের ক্ষেত্রে গাম্বিয়ার পূর্ব-ঐতিহ্য আগে থেকেই ছিল। এর রাজধানী বানজুলে আফ্রিকান কমিশন অন হিউম্যান অ্যান্ড পিপলস রাইটসের সচিবালয় অবস্থিত এবং গাম্বিয়ার সাবেক বিচারমন্ত্রী ফাতৌ বেনসুদা পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর হয়েছিলেন।
মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় গাম্বিয়ার সম্পৃক্ততা শুরু হয় ২০১৮ সালের মে মাসে, যখন বাংলাদেশ ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আয়োজন করে। বৈঠকের আলোচ্যসূচিতে ছিল রোহিঙ্গা সংকট—যার মধ্যে ততদিনে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ শরণার্থীকে কীভাবে সহায়তা করা যায় এবং মিয়ানমারে নির্যাতনের জন্য দায়ীদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, তা অন্তর্ভুক্ত ছিল।
সুলেমান জানান, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকার বৈঠকে যোগ দিতে না পারায় প্রেসিডেন্ট আদামা ব্যারো তার পরিবর্তে বিচারমন্ত্রী আবুবকর তাম্বাদুকে পাঠান। বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলকে কক্সবাজারের শরণার্থী শিবিরে নিয়ে যায়, যেখানে তাম্বাদু বেঁচে ফেরা রোহিঙ্গাদের সাথে সাক্ষাৎ করেন।
গাম্বিয়ায় তখন নিজ দেশের ভেতরেই ন্যায়বিচার ও জবাবদিহিতা ছিল অগ্রাধিকারের বিষয়। মানবাধিকার লঙ্ঘনে জর্জরিত ২২ বছরের স্বৈরশাসনের অবসান ঘটাতে গাম্বিয়ার জনগণ ২০১৬ সালে দীর্ঘদিনের শাসক ইয়াহিয়া জামেহকে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছিল। জামেহকে পদত্যাগে বাধ্য করতে পশ্চিম আফ্রিকার রাষ্ট্রগুলোর জোট ইকোয়াস-এর মাধ্যমে সেনেগাল, নাইজেরিয়া ও ঘানার সংক্ষিপ্ত সামরিক হস্তক্ষেপেরও প্রয়োজন হয়েছিল। ব্যারোর নতুন সরকার সত্য ও পুনর্মিলনকে তাদের ম্যান্ডেটের অংশ করেছিল।
তাম্বাদু জাতিসঙ্ঘের রুয়ান্ডা ট্রাইব্যুনালে গণহত্যার বিচার পরিচালনায় প্রায় নয় বছর কাটিয়েছিলেন। সুলেমান ব্যাখ্যা করেন, 'তাই তিনি যখন ভুক্তভোগীদের সাথে দেখা করলেন, তখন তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন যে তিনি কী দেখছেন।'
তাম্বাদু ওআইসি কর্মকর্তাদের সাথে মিলে জবাবদিহিতা বিষয়ক একটি কমিটি গঠন করেন, যার সভাপতিত্ব করে গাম্বিয়া। ঠিক সেই সময়েই সুলেমান এবং ফোলি হোগ-এ তার সহকর্মীরা খতিয়ে দেখছিলেন যে গণহত্যা কনভেনশনের অধীনে কোনো মামলা দায়ের করা যায় কি না। তিনি যখন ওআইসি-র সাবেক পরিচিতদের কাছে এই ধারণাটি তুলে ধরেন, তখন একজন তাকে গাম্বিয়ানদের সাথে কথা বলার পরামর্শ দেন।
সেই সেপ্টেম্বরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে তাম্বাদুর সাথে সুলেমানের দেখা হয়। সুলেমান স্মরণ করেন, প্রাথমিক কিছু আলোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে হয়েছিল, যা ব্যক্তিবিশেষের বিচার করে। কিন্তু আইসিজে খোদ মিয়ানমার রাষ্ট্রকেই দায়ী করার সুযোগ করে দেয়। তাম্বাদু পরের ফেব্রুয়ারিতে গাম্বিয়ার রাজধানী বানজুলে কমিটির সামনে আইনি বিকল্পগুলো উপস্থাপনের জন্য সুলেমানকে আমন্ত্রণ জানান।
কমিটি আইসিজে-তে মামলা করার পক্ষে সমর্থন দেয় এবং ওআইসি-র পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানরা তা অনুমোদন করেন। এরপর গাম্বিয়ার প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা মামলা দায়েরের অনুমোদন দেয়। সরকার সুলেমান ও তার ফার্মকে নিয়োগ দেয় এবং ২০১৯ সালের ১১ নভেম্বর আদালতে আবেদন দাখিল করে। সুলেমান আইনি দলের নেতৃত্ব গ্রহণ করেন।
ওআইসি সদস্য রাষ্ট্রগুলো মামলার ব্যয় নির্বাহেও সহায়তা করে। রায়ের পর প্রকাশিত এক বিবৃতিতে ওআইসি মহাসচিব ইসমাইল ওউলদ শেখ আহমেদ 'উদার আর্থিক অবদানের' জন্য সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, বাংলাদেশ, কুয়েত, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান এবং আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশকে ধন্যবাদ জানান।
সামরিক অভ্যুত্থান
মামলা চলাকালীন রোহিঙ্গাদের সুরক্ষায় গাম্বিয়া প্রথমে আদালতের কাছে জরুরি অন্তর্বর্তী পদক্ষেপের আবেদন জানায়। ২০১৯ সালের ডিসেম্বরে মিয়ানমারের তৎকালীন বেসামরিক নেতা এবং সামরিক সরকারের দীর্ঘ কারাবাসকালে ১৯৯১ সালে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি শুনানিতে দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
পরের মাসে বিচারকরা সর্বসম্মতিক্রমে মিয়ানমারকে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পদক্ষেপ নিতে, প্রমাণ সংরক্ষণ করতে এবং তা পালনের বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। চূড়ান্ত রায়ে আদালত দেখেছে, মিয়ানমার প্রমাণ সংরক্ষণের আদেশ লঙ্ঘন করেছে।
নির্বাচিত বেসামরিক সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার ঠিক আগে ২০২১ সালের জানুয়ারিতে মিয়ানমার আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে। সামরিক অভ্যুত্থানের ফলে মিয়ানমারের পক্ষে কে কথা বলবে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সু চি আর দেশের প্রতিনিধিত্ব করতে পারছিলেন না এবং সামরিক কর্তৃপক্ষ ও ক্ষমতাচ্যুত সংসদের প্রতিনিধি—উভয়েই প্রতিনিধিত্বের অধিকার দাবি করে।
সুলেমান বলেন, এই বিরোধের কারণে বিচারপ্রক্রিয়ায় বিলম্ব ঘটে। তিনি জানান, শিবিরে থাকা রোহিঙ্গাদের কাছে অপেক্ষার এই বছরগুলো কেন বিশেষভাবে দীর্ঘ মনে হচ্ছিল তা তিনি উপলব্ধি করতে পারেন।
মিয়ানমার যুক্তি দিয়েছিল যে ওআইসি-ই প্রকৃত আবেদনকারী এবং গাম্বিয়ার এই মামলা করার কোনো অধিকার নেই। ২০২২ সালের জুলাইয়ে আদালত সেই আপত্তি খারিজ করে দেয়। গাম্বিয়া নিজ নামেই মামলাটি দায়ের করেছিল। গণহত্যা কনভেনশনের একটি পক্ষ হিসেবে দেশটি চুক্তির অধীনে অন্য একটি পক্ষকে তার বাধ্যবাধকতা পালনে বাধ্য করতে পারে—এমনকি যেসব দেশের নিজস্ব নাগরিক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি, তাদেরও সেই অধিকার রয়েছে।
আইনজীবীরা যেভাবে মামলাটি সাজিয়েছিলেন
জাতিসঙ্ঘের পূর্ববর্তী তদন্তগুলো সুলেমান এবং তার দলকে একটি শুরুর ভিত্তি দিয়েছিল এবং আদালতের নির্ভর করার মতো কিছু মূল প্রমাণ সরবরাহ করেছিল।
২০১৭ সালের মার্চে জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিল মিয়ানমারের সামরিক ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিশেষ করে রাখাইন রাজ্যে সংঘটিত নির্যাতনের অভিযোগ তদন্তে একটি স্বাধীন তথ্যানুসন্ধান মিশন গঠন করে। পরের বছর কাউন্সিল ‘ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’ (আইআইএমএম) নামে আরেকটি সংস্থা তৈরি করে, যার উদ্দেশ্য ছিল গুরুতর আন্তর্জাতিক অপরাধের প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করা এবং সম্ভাব্য বিচারের জন্য মামলার নথি প্রস্তুত করা।
মিশনটি শত শত রোহিঙ্গা শরণার্থীর সাক্ষাৎকার নেয় এবং বছরের পর বছর ধরে চলা বৈষম্য ও ঘৃণামূলক বক্তব্যের পাশাপাশি গণহত্যা, যৌন সহিংসতা এবং গ্রাম ধ্বংসের তথ্য নথিভুক্ত করে। তদন্তকারীরা হামলার আগে ও পরে কী ঘটেছিল তা খতিয়ে দেখেন।
সুলেমান বর্ণনা করেন, সৈন্যরা কীভাবে আগেভাগে গ্রামগুলোতে গিয়ে বাসিন্দাদের ঘরের বেড়া ভেঙে ফেলতে বাধ্য করত এবং রান্নাঘরের ছুরিসহ অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে এমন সব জিনিসপত্র জব্দ করত। তদন্তকারীরা পরে গ্রাম ধ্বংসের প্রমাণ নথিভুক্ত করতে স্যাটেলাইট বা উপগ্রহের তথ্য ব্যবহার করেন। সুলেমান বলেন, গ্রামগুলো পুড়িয়ে দেওয়ার ফলে প্রমাণ নষ্ট হয়েছে এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়া আরো কঠিন হয়ে পড়েছে।
বেশিরভাগ প্রমাণ শত শত পৃষ্ঠার লিখিত আবেদনের মাধ্যমে বিচারকদের কাছে জমা দেয়া হয়েছিল, যার সমর্থনে ছিল আরও হাজার হাজার পৃষ্ঠার নথিপত্র। এর মধ্যে ‘লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড’-এর মতো সংস্থাগুলোর সংগ্রহ করা বেঁচে ফেরা ভুক্তভোগীদের জবানবন্দিও অন্তর্ভুক্ত ছিল।
চূড়ান্ত রায়ে আদালত তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদনগুলোকে সাধারণভাবে নির্ভরযোগ্য বলে মনে করেছে, যদিও তারা আদালতের তুলনায় প্রমাণের নিম্ন মানদণ্ড ব্যবহার করেছিল। কঠোর পদ্ধতি অনুসরণের কারণে বিচারকরা আইআইএমএম-এর বিস্তারিত সাক্ষীর জবানবন্দি ও প্রতিবেদনগুলোকে এবং গ্রাম পুড়িয়ে দেয়ার ঘটনা নিশ্চিতকারী স্যাটেলাইট তথ্যকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের সংগৃহীত জবানবন্দিগুলো কম বিস্তারিত হওয়ায় কিছুটা কম গুরুত্ব পেলেও আদালত সেগুলোকে সাধারণভাবে নির্ভরযোগ্য বলে গণ্য করেছে। সুলেমানের ব্যাখ্যা অনুযায়ী, কম গুরুত্ব পাওয়া প্রমাণও অন্য একটি বিবরণকে সত্য বলে প্রমাণ করতে সহায়ক হতে পারে।
২০২৬ সালের জানুয়ারির শুনানিতে সুলেমান আইনজীবীদের মধ্যে যুক্তিতর্ক ভাগ করে দেন। কেউ কেউ বৈষম্যের ইতিহাস ও হামলার ধরন তুলে ধরেন। অন্যরা ব্যাখ্যা করেন কীভাবে সব প্রমাণ মিলিয়ে উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আদালতের মানদণ্ড পূরণ করে। সুলেমান তার মৌখিক বক্তব্যে যুক্তি দেন, মিয়ানমার সেনাবাহিনীর ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার প্রমাণ করে কেন রোহিঙ্গাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।
মিয়ানমারের সামরিক অভিযানের বিবরণের জবাব দিতে গাম্বিয়া সামরিক বিশেষজ্ঞ মাইকেল নিউটনকে ডাকে। পাশাপাশি তিনজন রোহিঙ্গা ভুক্তভোগীকেও ডাকা হয়, যারা রুদ্ধদ্বার অধিবেশনে তাদের গ্রামে কী ঘটেছিল সে বিষয়ে সাক্ষ্য দেন। আইনি দলের সদস্যরা বিচারকদের প্রশ্ন এবং সম্ভাব্য জেরার মুখোমুখি হওয়ার জন্য তাঁদের প্রস্তুত করেছিলেন।
যেসব বিষয় বিচারকদের প্রভাবিত করেছিল
আদালত গণহত্যামূলক আচরণের তিনটি রূপ প্রমাণিত বলে মনে করেছে: হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতিসাধন এবং জন্মরোধের উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণ।
বিচারকরা দেখেছেন যে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করেছিল—যা মিয়ানমারের তৎকালীন হিসাব অনুযায়ী দেশে বসবাসরত ১৪ লাখ রোহিঙ্গার প্রায় ৫৮ শতাংশ। আদালত রায় দিয়েছে যে, লক্ষ্যবস্তু করা এই গোষ্ঠীটি গণহত্যা কনভেনশনের অধীনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি 'উল্লেখযোগ্য অংশ' হিসেবে গণ্য হওয়ার জন্য যথেষ্ট বড়।
বিচারকরা বলেন, প্রমাণগুলো অন্তত ১০ হাজার মৃত্যুর বিষয়ে জাতিসঙ্ঘ তথ্যানুসন্ধান মিশনের অনুমানকে সমর্থন করে। তবে গণহত্যামূলক অভিযান ব্যাখ্যার ক্ষেত্রে এটিই একমাত্র কারণ ছিল না; হামলার ব্যাপকতা বিচারের ক্ষেত্রে গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হওয়া বা জন্মরোধমূলক ব্যবস্থার অধীনে থাকা মানুষদের বিষয়টিও বিবেচনায় নিতে হয়েছে।
এদিকে মিয়ানমার দাবি করেছিল যে তাদের বাহিনী আরো বেশি রোহিঙ্গাকে হত্যার সুযোগ থাকা সত্ত্বেও তা করেনি; জবাবে আদালত বলেছে, জেনোসাইডের উদ্দেশ্য প্রমাণিত হওয়াটা সামরিক বাহিনী গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার জন্য সর্বোচ্চ সবকিছু করেছে কি না তার ওপর নির্ভর করে না।
মিন গি (তুলাতুলি) গ্রামে সৈন্যরা পুরুষদের আলাদা করে হত্যা করেছে, শিশুদের মেরেছে এবং নদী পার হয়ে পালানোর চেষ্টাকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। আদালত রায় দিয়েছে যে, সামরিক বাহিনীর যৌন সহিংসতার প্রধান লক্ষ্য ছিল প্রজননক্ষম নারী ও কিশোরীরা, যার মধ্যে কিছু ক্ষেত্রে গর্ভবতী নারীরাও ছিলেন। বিচারকরা এমন প্রমাণ উদ্ধৃত করেছেন যেখানে সাত বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হয়েছে। সাক্ষীরা বর্ণনা করেছেন কীভাবে শিশুদের গুলি করে বা জ্বলন্ত ঘরের ভেতরে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নদী সাঁতরে পালানোর চেষ্টাকারীদের ওপর সৈন্যরা গুলি চালালে অনেকেই—বিশেষ করে শিশু ও বয়স্করা—ডুবে মারা যান।
বিবাহ ও সন্তান ধারণে বিধিনিষেধ, রোহিঙ্গা শিশুদের জন্মনিবন্ধন অস্বীকার করা এবং সামরিক বাহিনীর যৌন সহিংসতার ব্যাপকতার ওপর ভিত্তি করে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে যে মিয়ানমার রোহিঙ্গাদের জন্মরোধ করার উদ্দেশ্যে পদক্ষেপ নিয়েছিল।
গণহত্যার উদ্দেশ্য প্রতিষ্ঠা করতে আইসিজে সাবেক যুগোস্লাভিয়ার সংঘাত নিয়ে ক্রোয়েশিয়া ও বসনিয়ার পক্ষ থেকে সার্বিয়ার বিরুদ্ধে দায়ের করা পূর্ববর্তী মামলাগুলোতে ব্যবহৃত মানদণ্ড প্রয়োগ করেছে। বিচারকদের প্রমাণের ভিত্তিতে 'পুরোপুরি নিশ্চিত' হতে হয়েছিল যে গণহত্যামূলক কর্মকাণ্ড ঘটেছে এবং মিয়ানমারের বাহিনী রোহিঙ্গাদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই তা করেছিল। যেহেতু আদালত পারিপার্শ্বিক প্রমাণ থেকে উদ্দেশ্য অনুমান করছিল, তাই সব তথ্য মিলিয়ে গণহত্যার উদ্দেশ্যই হতে হতো একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।
মিয়ানমার যুক্তি দিয়েছিল যে রোহিঙ্গাদের বিরুদ্ধে তাদের অভিযান ছিল একটি বিদ্রোহ-দমন অভিযান, এবং তাদের আচরণের পেছনে রোহিঙ্গাদের বিতাড়িত করা বা বেসামরিক জনগোষ্ঠীকে শাস্তি দেয়ার মতো অন্যান্য উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু আদালত এই সমস্ত ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেছে, মিয়ানমারের আচরণ থেকে যে 'একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্তে' পৌঁছানো যায় তা হলো জেনোসাইড।
সুলেমান বলেন, 'গাম্বিয়া মানদণ্ডে কোনো পরিবর্তনের দাবি জানায়নি। গাম্বিয়া কেবল চেয়েছিল আদালত যেন গাম্বিয়ার উপস্থাপিত তথ্যগুলোর ক্ষেত্রে তার নিজস্ব মানদণ্ড প্রয়োগ করে, এবং আদালত ঠিক তা-ই করেছে।'
মিয়ানমারের এই রায় আদালতের সামনে থাকা অন্যান্য জেনোসাইড মামলার ক্ষেত্রেও তাৎপর্য বহন করে—বিশেষ করে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাটির ক্ষেত্রে। সুলেমান বলেন, 'আদালত দেখিয়েছে যে তারা নিরপেক্ষ ও সামগ্রিক উপায়ে গণহত্যার প্রমাণগুলো সতর্কতার সাথে বিবেচনা করবে। আমি আশা করি বিচারাধীন এবং ভবিষ্যতের সব জেনোসাইড মামলাতেই আদালত তা করবে।'
রোহিঙ্গাদের জন্য এর অর্থ কী
সুলেমানের মতে, রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো এই স্বীকৃতি যে রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে এবং সেটিই তাদের মাতৃভূমি।
আদালত মিয়ানমারকে নির্দেশ দিয়েছে যেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার সাথে ফিরে আসতে পারে, পরিবারগুলো আবার একত্রিত হতে পারে এবং তাদের সম্পত্তি ফিরিয়ে দেয়া হয় বা বিকল্প ব্যবস্থা করা হয়। এ ছাড়া ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা এবং সংঘটিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
প্রত্যর্পণ এবং ক্ষতিপূরণের পরিমাণ ও শর্তাবলি সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য মিয়ানমার দুই বছর সময় পেয়েছে। পরবর্তী ধাপে আদালত ক্ষতিপূরণের পরিমাণ ও শর্তাবলি নির্ধারণ করবে।
বিচারকরা আরো দেখেছেন যে, মিয়ানমার তার বাহিনীর পাশাপাশি কাজ করা ব্যক্তিদের দ্বারা সংঘটিত গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে, জেনোসাইডর শাস্তি দিতে ব্যর্থ হয়েছে এবং জেনোসাইড কনভেনশন কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নে ব্যর্থ হয়েছে। আদালত সন্দেহভাজনদের তদন্ত করতে এবং ক্ষেত্রবিশেষে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছে।
বিচারমন্ত্রী জালো বলেন, 'আমরা তাদের স্বেচ্ছায় আদেশ পালনের ওপর ভরসা রাখছি।' তিনি জানান, মিয়ানমার যদি পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে দেশটির দ্বিপক্ষীয় অংশীদার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই বাধ্যতামূলক রায়কে কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তিনি জাতিসঙ্ঘ সনদের কথাও উল্লেখ করেন, যা মিয়ানমার রায় মানতে ব্যর্থ হলে গাম্বিয়াকে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ দেয়—যেখানে পরিষদ পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সুলেমান জানান, গাম্বিয়া আগামী দুই বছর মিয়ানমারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে এবং আদেশ বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন সরকার, জাতিসঙ্ঘ এবং ওআইসি ও আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থাগুলোর ওপর চাপ অব্যাহত রাখবে।
তিনি বলেন, 'আমার ভূমিকা এখনো শেষ হয়ে যায়নি। এই রায় যাতে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে গাম্বিয়া অবশ্যই কাজ চালিয়ে যাবে।'
লেখক : সনদোস আসেম
সূত্র : মিডল ইস্ট আই
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









