গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ। সংগৃহীত
ads

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় আরো ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে থেকেই বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিভিন্ন পোশাককারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন।

পরে শ্রমিকদের এ আন্দোলন কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা, মেম্বারবাড়ি, বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় আধা ঘণ্টা অচলাবস্থা চলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, একজন শ্রমিক আহত হওয়ার জেরে মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসব এলাকার শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ অবস্থায় ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এছাড়া মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা ও আশপাশের শিল্পাঞ্চলেও শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

নাওজোর এলাকার শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তায় অবরোধের চেষ্টা করেন। ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

নগরীর ডেগের চালা এলাকায় দুপুরে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়কের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে এনেছে।

তিনি আরো বলেন, শ্রমিক অসন্তোষের কারণে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে থেকেই বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলেও জানান পুলিশ সুপার। ইউএনবি