রয়টার্স, হাসিনা, মুখপাত্র, সৈয়দ মোজাম্মেল আলী,
রয়টার্সকে হাসিনার দেশে ফেরার বার্তা দেয়া কে এই মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী?। সংগৃহীত
ads

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার এই ইচ্ছার কথা জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। 

এই বক্তব্যের পরপরই দেশ-বিদেশে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। জনমনে প্রশ্ন উঠেছে—কে এই ব্যক্তি, কী তার পেশা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা?

কে এই সৈয়দ মোজাম্মেল আলী?

সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ-বাংলাদেশী ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখির পাশাপাশি বিভিন্ন পর্যায়ের আলোচনা ও পর্যালোচনায় তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।

যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, তার জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে। তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের সারে অঞ্চলে বসবাস করেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক পরিসরে বেশ সক্রিয় তিনি।

পেশা ও সাংগঠনিক পরিচয়

মোজাম্মেল আলী লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনা প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিয়মিত সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ভূমিকা

রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার নানা বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিবন্ধ ও মতামত প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য দেয়া এবং দলটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তাকে সবসময় সক্রিয় দেখা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে তার পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়ে বিশেষভাবে আলোচনায় আসেন মোজাম্মেল আলী। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, আওয়ামী লীগের কার্যক্রম এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

রয়টার্সকে কী বলেছেন শেখ হাসিনার এই মুখপাত্র?

সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান এই মুখপাত্র। 

তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

মোজাম্মেল আলী আরো বলেন, তার ভাষায়, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট একটি তারিখের কথা জানিয়েছেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে জোর আলোচনা তৈরি হয়েছে।