
গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইসরাইলের হেরে যাওয়ার আশঙ্কা প্রবল। রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে আইনি যুক্তি অনুসরণ করেছে, ইসরাইলের ক্ষেত্রেও তা প্রয়োগ করা হলে দেশটি হেরে যাবে বলে মনে করেন ইসরাইলি আইন বিশেষজ্ঞ এলিয়াভ লিবলিখ।
মিডলইস্ট মনিটর মঙ্গলবার (২৪ নভেম্বর) আরো জানায়, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক লিবলিখ বলেন, মিয়ানমারের কর্মকর্তাদের বক্তব্যের তুলনায় নেতানিয়াহু, ইতামার বেন গভির ও বেজালেল স্মোত্রিচদের বক্তব্য অনেক বেশি ভয়াবহ। পশ্চিম তীরের সহিংসতা বিবেচনায় নিলে ইসরাইলের অবস্থান আরো দুর্বল হয়।
গত বৃহস্পতিবার ৯-৬ ভোটে আইসিজে রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে এটিই আদালতের প্রথম রায়।
লিবলিখের মতে, ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুত করা, বাড়িঘর ধ্বংস করা এবং তাদের ফিরে আসতে না দেয়া গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ হতে পারে। জনগোষ্ঠীকে ধ্বংস করার অর্থ শুধু হত্যা নয়, একটি জনগোষ্ঠী হিসেবে তাদের টিকে থাকার সক্ষমতা নষ্ট করাও এর মধ্যে পড়ে।
ইসরাইল দাবি করতে পারে, হামাসের সামরিক সক্ষমতা ও ৭ অক্টোবরের হামলার কারণে গাজার পরিস্থিতি মিয়ানমারের অভিযান থেকে আলাদা। তাদের লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা। কিন্তু লিবলিখের ধারণা, ইসরাইলি কর্মকর্তাদের বক্তব্য ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আইসিজের সংখ্যাগরিষ্ঠ বিচারকের যুক্তি অনুসরণ করলে ইসরাইলের পরাজয় প্রায় নিশ্চিত।
তিনি আরো বলেন, গণহত্যার অভিযোগের জবাবে কোনো রাষ্ট্র যদি দাবি করে, তারা গণহত্যা নয়, অন্য গুরুতর অপরাধ করেছে, তাহলে সেই যুক্তি দাঁড় করানোর মধ্যেই তাদের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









