
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গোলাবারুদ কারখানায় মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ বিস্ফোরক ধ্বংসের অনুমতি দিয়েছে দেশটির একটি ফেডারেল আপিল আদালত। তবে এ নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, বিস্ফোরণের ফলে বিষাক্ত সিসা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, মধ্য-পশ্চিমাঞ্চলীয় আইওয়া অঙ্গরাজ্যে সংরক্ষিত সিসা অ্যাজাইড নামের বিস্ফোরকের ৬৮টি ড্রাম আগামী বুধবার (২৫ নভেম্বর) বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হবে।
সেনাবাহিনী সতর্ক করেছে, এ কাজে দেরি হলে নিয়ন্ত্রণের বাইরে বিস্ফোরণ ঘটার ঝুঁকি রয়েছে।
গত সোমবার ১১ পৃষ্ঠার এক আদেশে আদালত বলেছে, নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনায় ‘বাস্তব ও গুরুতর ঝুঁকি’ রয়েছে, তা আদালত বিবেচনায় নিয়েছে।
তবে আদালত আরো বলেছে, ‘পরিস্থিতির বাস্তবতাও আমাদের স্বীকার করতে হবে। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে মেয়াদোত্তীর্ণ ও ক্ষয়প্রাপ্ত বিস্ফোরকগুলো অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে বিস্ফোরিত হওয়ার ঝুঁকি রয়েছে।’
এদিকে, সোমবার এ বিতর্কে হস্তক্ষেপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আপিল আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিস্ফোরক ধ্বংসের কার্যক্রম স্থগিত রাখতে তিনি নির্দেশ দিয়েছেন। তবে আইওয়ার নবনির্বাচিত গভর্নর, যিনি ডেমোক্র্যাট দলের সদস্য, এ পরিকল্পনায় সম্মতি দিলেই কেবল তা এগিয়ে নেয়া হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এ পরিকল্পনা আটকে দেয়া হলে এর ফলে যেকোনো প্রাণহানি বা ধ্বংসযজ্ঞের দায়ভার নবনির্বাচিত গভর্নরকেই নিতে হবে। তিনি এ পরিস্থিতিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দীর্ঘমেয়াদি’ বলেও উল্লেখ করেন।
আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ড আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ট্রাম্প প্রশাসনের কাছে বিস্ফোরক ধ্বংসের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে ব্রিফিংয়ে আমি যে তথ্য পেয়েছি, আইওয়ার বাসিন্দাদেরও মূল সূত্র থেকেই সেই একই তথ্য জানার সুযোগ থাকা উচিত।’
গত সপ্তাহে প্রকাশিত এক সতর্কবার্তায় বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।
এতে বলা হয়, বিশেষজ্ঞরা মাটিচাপা দেয়া কংক্রিটের তৈরি বিশেষ নিরাপত্তাকক্ষে বিস্ফোরকগুলো ধ্বংস করবেন। এসব স্থাপনার চারপাশে বালুভর্তি বিশেষ প্রতিরক্ষাব্যবস্থা বা ‘হেস্কো ব্যারিয়ার’ থাকবে, যার উচ্চতা প্রায় দুই তলা ভবনের সমান।
বিস্ফোরণের আগে এসব স্থাপনার ওপরের মাটি পানি দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে রাখা হবে। পাশাপাশি চারপাশে পানি ছিটানোর বিশেষ যন্ত্র চালু থাকবে।
এর উদ্দেশ্য হলো, বিস্ফোরণের সময় বাতাসের সাথে সিসার বিষাক্ত কণা যাতে কারখানার বাইরে বেশি দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে না পারে, তা নিয়ন্ত্রণ করা।
সতর্কবার্তায় বলা হয়েছে, বিস্ফোরণের কারণে আশপাশের কিছু বাড়ির জানালার কাচ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে কাছাকাছি এলাকার কিছু বাসিন্দাকে ছয় ঘণ্টার জন্য বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশিত একটি মানচিত্রে দেখা গেছে, বিস্ফোরণের ফলে সিসার কণা গোলাবারুদ কারখানা থেকে ২০ মাইল বা প্রায় ৩০ কিলোমিটারেরও বেশি উত্তরে ছড়িয়ে পড়তে পারে।
এ কারণে স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য দূষিত এলাকা এড়িয়ে চলার অথবা ঘরের ভেতরে অবস্থান করে দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।
সতর্কবার্তায় বিশেষভাবে বলা হয়েছে, ‘ছয় বছরের কম বয়সী শিশুরা সিসার বিষক্রিয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি সংবেদনশীল।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









