তৈরি পোশাক শিল্প, শ্রমিক
তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফাইল ছবি
ads

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বাড়ছে। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়। রাত দেড়টার দিকে শেষ হয় এ সভা। তারপর বিষয়টি নিশ্চিত করে জানান মজুরি বোর্ডের একাধিক সদস্য। 

শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

সভা সূত্রে জানা যায়, একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। আর বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়। রাত ১টার পর এই ভোট হয়।

বোর্ডের সিদ্ধান্ত নিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও রাত ২টা ২০ মিনিট পর্যন্ত করেননি।

জানা যায়, ন্যূনতম বা গ্রেড ৪-এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩-এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে মঙ্গলবার বেলা সোয়া ৩টায় চতুর্থ দিনের সভা শুরু হয়। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব অংশ নেন। 

এছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন।