হাম ও উপসর্গে মৃত্যু ১১৪০ জনে পৌঁছাল

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে হাম ও উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন নিশ্চিত হামে এবং বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪০ জনে।
সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজন এবং নিশ্চিত হামে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটে একজন করে মারা গেছেন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৯০ জন। এর মধ্যে এক হাজার ২৮০ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১১০ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৮০ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ১৪৮ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৩৬ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ২৯৩ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২২ হাজার ২০ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ২২ হাজার ৩১৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৭০ হাজার ৪৭৩ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৩৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ৮৩, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮২, চট্টগ্রামে ১০১, বরিশালে ৮০, খুলনায় ৪৫ ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছে।
সিলেটে টানা ৫ দিন পর একজনের মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, টানা পাঁচদিন মৃত্যুহীন থাকার পর সিলেট বিভাগে হাম ও উপসর্গে আবারো একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়শা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে আরো ১৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। এ সময় সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৩৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৪১ জন।
বুধবার (৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
বোয়ালমারীতে ৮ মাসের শিশুর মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোজা মনি (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে জ্বর, সর্দি-কাশিসহ হামের উপসর্গ নিয়ে রোজা মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। রোজা মনি পাশের সালথা উপজেলার সাধুহাটি গ্রামের সৌদি আরবপ্রবাসী অহিদ শেখের মেয়ে।