
আনাদোলু এজেন্সি
যুক্তরাষ্ট্র থেকে ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম চালানে দু’টি বিমান তাইপেই পেঁৗঁছানোর পর তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়ে নিজেদের তীব্র বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে চীন। গত মঙ্গলবার রাতে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, এ বিষয়ে চীনের অবস্থান একদম পরিষ্কার। চীনের তাইওয়ান অঞ্চলে মার্কিন অস্ত্র বিক্রির বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান অব্যাহত রয়েছে।
হাওয়াই থেকে রওয়ানা হয়ে গুয়ামে সাময়িক বিরতি নেয়ার পর গত শুক্রবার দু’টি যুদ্ধবিমান পূর্বাঞ্চলীয় তাইতুংয়ের চিহাং বিমান ঘাঁটিতে এসে পৌঁছায়। আট বিলিয়ন ডলারের চুক্তি অনুযায়ী ৬৬টি এফ-১৬ভি যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবটি ২০১৯ সালে অনুমোদন করেছিল যুক্তরাষ্ট্র। চীনা মুখপাত্র বলেন, তাইওয়ান সঙ্কট সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়। ২০২৮ সালের আগে তাইওয়ানে চীনের আক্রমণ চালানোর সম্ভাবনা কমে আসছে বলে মার্কিন কর্মকর্তাদের করা মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, তাইওয়ান সঙ্কটের নিরসন চীনাদের নিজস্ব বিষয়, যেখানে কোনো বাহ্যিক হস্তক্ষেপ সহ্য করা হবে না। যুক্তরাষ্ট্রের উচিত দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা, ‘এক চীন নীতি’ ও তিনটি যৌথ ইশতেহার মেনে চলা এবং তাইওয়ান ইস্যুতে সতর্ক পদক্ষেপ গ্রহণ করা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








