কর্তৃত্বের সহিংস লড়াইয়ে দল অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণ করুন

 বিশেষ সংবাদদাতা

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি। একই সাথে, কর্তৃত্ব প্রতিষ্ঠার সহিংস লড়াই বন্ধে নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণে আমূল সংস্কার ও আত্মশুদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর রাতে রাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। বিশ্ববিদ্যালয় প্রক্টর কর্তৃপক্ষের ব্যর্থতা স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, পুলিশও ভয়ে পালিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার ঘোষণা দিয়েছে। ছাত্রদলও দলীয় তদন্ত কমিটি গঠন করেছে। সাংবাদিকরা অভিযুক্তদের গ্রেফতার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় গতকাল টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, হামলার শিকার গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের এবং তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে। আহতদের যথাযথ চিকিৎসা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণ অনুসন্ধানসহ পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার খর্ব করে এবং ক্ষমতাবানদের জবাবদিহির সুযোগ সঙ্কুুচিত করে- এর প্রতিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।
ড. জামান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসহায়ত্ব ও পুলিশের পলায়নপর ব্যর্থতা প্রমাণ করে যে এ ধরনের ক্ষমতার লড়াইকেন্দ্রিক সমস্যার সমাধান শুধু প্রত্যক্ষভাবে দোষীদের জবাবদিহির ওপর নির্ভর করে না। বরং রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতাবান দলগুলোর আমূল সংস্কার ও আত্মশুদ্ধি ছাড়া জুলাই অভ্যুত্থানের অভীষ্ট দূরে থাক, মুক্ত গণমাধ্যম, বাক ও ভিন্নমতের স্বাধীনতাসহ জীবন ও জীবিকার নিরাপত্তা ও সব নাগরিকের সমঅধিকারের মতো মৌলিক অধিকারের অভীষ্ট অর্জন ক্রমাগত অধিকতর হুমকির সম্মুখীন হবে।
রাজনৈতিক নেতৃত্বের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপের আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, কর্তৃত্বের সহিংস লড়াই বন্ধ এবং নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণের মূল রাজনৈতিক দায় কি ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী এড়িয়ে যেতে পারে? তদন্ত কমিটি গঠন বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে লোক দেখানো দায়িত্ব শেষ না করে সহিংসতার প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে, অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। দলীয় সিদ্ধান্ত ও আচরণে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। নিজেদের সংগঠনে এসব পরিবর্তন নিশ্চিত না করে রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। 
হামলা প্রতিরোধে প্রশাসনের ব্যর্থতাকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব ক্ষয়ের বৃহত্তর প্রেক্ষাপট ব্যাখ্যা করে ড. জামান বলেন, এ ঘটনাকে বিচ্ছিন্ন একটি বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। ভিসি ও শিক্ষকদের পদত্যাগের দাবি, ক্যাম্পাসে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা, দখলবাজি ও পেশিশক্তির প্রদর্শনসহ বিভিন্ন সময়ে সৃষ্ট অস্থিরতাও এই প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে সামনে এনেছে। শিক্ষার্থীদের ন্যায়বিচার চাওয়া এবং শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার অবশ্যই সুরক্ষিত থাকতে হবে। ভিসি বা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্ত ও নিয়মতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। কিন্তু পদত্যাগের দাবি আদায়ে দলীয় প্রভাব, ভয়ভীতি বা বলপ্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে আইন ও বিধি অনুযায়ী, দলীয় শক্তির দাপটে নয়।