ব্রিটেনের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের ১২টি বোমারু বিমান ফেরত

 আলজাজিরা
ইরানের সম্ভাব্য সামরিক আঘাতের শঙ্কায় ব্রিটেনের ‘আরএএফ ফেয়ারফোর্ড’ বিমানঘাঁটিতে মোতায়েন থাকা ১২টি বি-১ বোমারু বিমান প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিমানগুলো আমেরিকার মূল সামরিক ঘাঁটিতে ফিরিয়ে নেয়া হয়েছে বলে পেন্টাগন থেকে নিশ্চিত করা হয়েছে। মার্কিন এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফেয়ারফোর্ড ঘাঁটিতে ইরান হামলা চালাতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই বিমানগুলো দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ফেয়ারফোর্ড ঘাঁটিতে আক্রমণের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গত সপ্তাহে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করে ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ব্রিটেন ও ইরানের দ্বৈত নাগরিকও রয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বক্তব্যে দাবি করেন, ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে সম্ভাব্য হামলার বিষয়ে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে আগাম সতর্কবার্তা দিয়েছিল ইসরাইল। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা ও কৌশলগত কারণে সামরিক সম্পদের স্থানান্তর তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বর্তমানে ফেয়ারফোর্ডে থাকা সব মার্কিন বি-১ বোমারু বিমান সফলভাবে যুক্তরাষ্ট্রের মূল ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়েছে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বি-১, বি-২ এবং বি-৫২ বিমান সমন্বিত মার্কিন বোমারু বহর বিশ্বজুড়ে নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সর্বদা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে উড্ডয়ন করে বিশ্বের যেকোনো প্রান্তে অভিযান সম্পন্ন করার মতো সক্ষমতা এই বিমানগুলোর রয়েছে।

Advertisement