চাঁপাইনবাবগঞ্জে এমপি নূরুল ইসলাম বুলবুলের সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন
সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন শেষে স্থানীয়দের নিয়ে দোয়ায় অংশ নেন এমপি নূরুল ইসলাম বুলবুল । নয়া দিগন্ত

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে তিন কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো: নূরুল ইসলাম বুলবুল স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আরডিআরআইডিপি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন।

Advertisement

রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত তিন কিলোমিটার ৫৫০ মিটার কাঁচা রাস্তা পিচ কার্পেটিংয়ের মাধ্যমে পাকাকরণের কাজ উদ্বোধন করা হয়।

স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ে কাজের মান বজায় রেখে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এ অঞ্চলের মানুষ। সড়কটি পাকাকরণ করা হলে চরবাগডাঙ্গা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অনেকটাই সমাধান হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ‘বহু প্রতীক্ষিত বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত আমাদের রাস্তাটির উন্নয়ন কাজ উদ্বোধন হলো। এ কাজে প্রায় চার কোটি টাকা বরাদ্দ রয়েছে।’

নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ‘এ রাস্তা চলাচলের অনুপযোগী ছিল। আমি নির্বাচনের আগে এ এলাকায় এসেছি এবং রাস্তাটি ঠিক করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের দাবিটি পূরণ হয়েছে। কাজটি মানসম্মতভাবে করতে হবে এবং কাউকে চাঁদা দিতে হবে না। আমি জনগণকে সাথে নিয়ে উন্নয়ন কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’