
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক চেয়ারম্যান এম গাজিউল হক গতকাল সোমবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী সুলতানা হক, ছেলে ইবিএলের বর্তমান চেয়ারম্যান আনিস আহমেদ, মেয়ে আনিলা হক এবং অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
গতকাল বাদ মাগরিব ঢাকার গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
এম গাজিউল হক সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ২৩টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই গ্রুপের ব্যবসার মধ্যে রয়েছে সমন্বিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লো-কস্ট এয়ারলাইন্সের জন্য টোটাল কার্গো ম্যানেজমেন্ট (টিসিএম), এয়ারলাইন্সের গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, আন্তঃসীমান্ত মালবাহী রেলসেবা, স্যাটেলাইট ফুলফিলমেন্ট সেন্টার (এসএফসি) পরিচালনা, এফএম রেডিও, চা ও রাবার বাগান, খাদ্য ও পানীয় এবং বাণিজ্যিক ব্যাংকিং।
১৯৯৩ সালে তিনি ইবিএলের পরিচালনা পর্ষদে যোগ দেন। তিনি দুই মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন- প্রথমবার ২০০০ থেকে ২০০৬ সাল এবং দ্বিতীয়বার ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত। এম গাজিউল হক ব্রিটিশ প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডের মাধ্যমে তার পেশাজীবন শুরু করেন। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির রূপান্তরের মাধ্যমে বার্ডস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ও এ অঞ্চলের ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইবিএলের বিকাশেও তার উল্লেখযোগ্য অবদান ছিল। তিনি ব্যাংকটির প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও করপোরেট সুশাসন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








