ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি বিপ্লব
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি বিপ্লব। নয়া দিগন্ত

টাঙ্গাইল শহরে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা ও ইট দিয়ে শিশুটির নাক-মুখ থেঁতলে দেয়ার মামলায় অভিযুক্ত যুবক বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, স্থানীয় লোকজন বিপ্লবকে আটক করে গণধোলাই দেয়।

গ্রেফতার বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, শহরের পার্ক বাজার এলাকা থেকে আজ রোববার দুপুর ১২টার দিকে বিপ্লবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রিমান্ড চেয়ে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাতে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি শিশুর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর আশ্বাসসহ তার চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন তিনি।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আব্দুল কুদ্দুস বলেন, শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাই রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে শনিবার শিশুটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ীর চতুর্থ তলায় চিপসের লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বিপ্লব। এতে শিশুটি বাধা দিলে বিপ্লব তাকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (৩১ অক্টোবর) রাতে শিশুটির মা অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলা করেন।