উচ্চশিক্ষা
বাউবি ও বিএসি-এর প্রতিনিধিরা। নয়া দিগন্ত

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন কার্যক্রমের প্রসার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)।

Advertisement

রোববার (১ অক্টোবর) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আখতার হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানান দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেয়। এ সময় বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ভিসি বলেন, ‘উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাউবি শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক মান অনুসরণ এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে কাজ করছে। এ ক্ষেত্রে বিএসির দিকনির্দেশনা ও সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরো গতিশীল করবে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চায় বাউবি।’

সাক্ষাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় বিএসির পূর্ণকালীন সদস্য মো: এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল, অধ্যাপক ড. মো: শাহ এমরান ও অধ্যাপক ড. মো: ওয়াকিলুর রহমান উপস্থিত ছিলেন।