এসআরবি সদস্যসহ বিভিন্ন স্থানে নিহত ৩

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

সড়ক দুর্ঘটনায় ফেনী শহরে এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্যসহ বিভিন্ন স্থানে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
ফেনী অফিস জানায়, ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর নামক স্থানে সন্দেহভাজন পরিবহন তল্লাশিকালে ট্রাকচাপায় এক এসআরবি সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে  ফতেহপুর রেলক্রসিংসংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মো: আলমগীর (৪৬) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে তিনি ফেনীস্থ এসআরবি ৭ এ প্রেষণে দায়িত্ব পালন করছিলেন। 
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার গভীর রাতে মহাসড়কের ফতেহপুর স্টারলাইন পাম্পসংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালায় এসআরবি। এ সময় একটি কাভার্ডভ্যানকে দাঁড় করে তল্লাশি চালানোর সময় অপর একটি ট্রাককে থামানোর সঙ্কেত দেয়। এতে ট্রাকটি না থামিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গর্তে পড়ে যায়। ৯৯৯ -এর মাধ্যমে অবহিত হয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় মো: আলমগীর ও ট্রাকচালক মো: সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে। 
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার্স ইনচার্জ মো: নোমান লাশ বলেন, নিহতের ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার চৌগাছা মহেশপুর সড়কের ফাঁসতলা বাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন (১৫) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে। আহতরা হলেন একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন হোসেন (১৫) ও অসিম উদ্দীনের ছেলে ফাহিম হাসান (১৫)। তারা তিনজন চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। 
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার খুব সকালে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর তিন ছাত্র জুবায়ের হোসেন, লিখন হোসেন ও ফাহিম হাসান একটি পালসার মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় ফাঁসতলা বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জুবায়ের হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনের অবস্থা গুরুতর না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় ছমর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার ভোর সাড়ে চারটার দিকে ভাঙ্গা-গোপালগঞ্জ  মহাসড়কের হাইওয়ে থানার সামনে। 
নিহত সমর আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পিকআপযোগে ঢাকা থেকে খুলনার উদ্দেশে নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজ করতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনায় যাওয়ার সময় ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিকআপ থামিয়ে সকালের নাস্তা করেন ছমর আলী। নাস্তা করার পর পিকআপের দিকে আসার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে অন্যান্য সহকর্মীরা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।