ধুনটে চুরি-ছিনতাই, আতঙ্কে মানুষ

বগুড়া অফিস ও ধুনট সংবাদদাতা
বগুড়ার ধুনট উপজেলায় গত দুই মাসে অন্তত ২১টি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মধ্যে। দোকানপাট, বসতবাড়ি, খামার ও ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির পাশাপাশি গবাদিপশু ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগে রয়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তবে ধুনট বাজারের একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় পুলিশের তৎপরতার প্রশংসাও করেছেন স্থানীয়রা।
সর্বশেষ বুধবার রাতে ধুনট পৌর এলাকার হাসপাতাল রোডের মেসার্স মিলন স্টোরে চুরি হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়। দোকানের পেছনের টিনের চাল ও পাশের চায়ের দোকানের দরজা কেটে চোরেরা বিভিন্ন পণ্য ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়।
এর আগে বুধবার ধুনট বাজারের ইছামতি মার্কেটের মাসুদ টেলিকম থেকে ৯৪টি মোবাইল ফোন চুরি হয়। পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেফতার এবং সব মোবাইল ফোন উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাসে গরু, ছাগল, দোকানের মালামাল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির একাধিক ঘটনা ঘটেছে। গত ২১ সেপ্টেম্বর থানার প্রায় ৩০০ গজ দূর থেকে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এ ছাড়া ১৯ ও ২৪ সেপ্টেম্বর অটোভ্যান ও ব্যাটারি চুরি হয়েছে।
ধুনট থানার ওসি বলেন, চুরির ঘটনাগুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মোবাইল ফোন চুরির ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement