
নিজস্ব প্রতিবেদক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাগি¦তণ্ডার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে জামায়াত। অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।
জানা যায়, জামায়াতের ৩৪ জন সংসদ সদস্যসহ একটি টিম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, বাহরাইন সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন। মদিনা বিমানবন্দরে ৩ ঘণ্টা অপেক্ষা করে আরো ৭ ঘণ্টার জার্নি শেষে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে নেমেই এমপিরাসহ ওই ফ্লাইটে থাকা সব ওমরা যাত্রী ব্যাপক হয়রানির শিকার হন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। এ নিয়ে যাত্রীরা তাদের ব্যাগ দীর্ঘক্ষণ না পেয়ে একপর্যায়ে নির্বাহী পরিচালককে ক্ষোভের কথা জানান। এ নিয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামান উত্তেজিত হয়ে নির্বাহী পরিচালকের কাছে জানতে চান, কোথায় আপনার যাত্রীসেবা? দেখছেন না এখানে কত যাত্রী কষ্ট করছে। একই সময় একজন নারীযাত্রী ফেসবুকে তাদের ভোগান্তির চিত্র তুলে ধরে বলেছিলেন, এই হলো আমাদের বাংলাদেশের বিমানবন্দরের যাত্রী সেবা।
এ দিকে হয়রানির শিকার এমপিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তারা অভিযোগ করেন, এমপিসহ তাদের সফরসঙ্গীরা ঢাকায় অবতরণ করার তিন ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও তাদের ট্যাগযুক্ত জমজমের পানির লাগেজ বা জার বুঝিয়ে দেয়া হয়নি। বিষয়টি নিয়ে দীর্ঘসময় ধরে যৌক্তিক কারণ উত্থাপন করার পরেও ব্যবস্থা নেয়া হয়নি। বিমানবন্দরের চরম অব্যবস্থাপনার কারণে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ও হয়রানির শিকার হতে হয়।
মামলা : এ ঘটনার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো: শাহরিয়ার আলম সজিব বাদি হয়ে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে শুক্রবার তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, যাত্রীদের ব্যাপক চাপ থাকার কারণে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হয়। এতে ওই ফ্লাইটের যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় যাত্রী মেজর (অব:) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া ও মারধর করার হুমকি দেন।
অভিযোগে আরো বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধির সাথে খারাপ আচরণ করেন।
গ্রেফতার : মামলার পর গতকাল সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম তাকে আটক করে।
গ্রেফতারের আগে ভিডিও বার্তা : বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামানকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ বাসায় এলে তিনি ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। এতে তিনি বলেন, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। শুধু জানিয়ে গেলাম সবাইকে। দোয়া করবেন আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় যদি শহীদ হতে পারি আল্লাহ যেন আমার সে আকাক্সক্ষা পূরণ করেন। জনগণের অধিকার, সংগ্রামে আমি আছি, আমি আজীবন থাকব। যতদিন বেঁচে আছি ততদিন জনগণের পাশে থাকব, জনগণের জন্য সংগ্রাম করব, জনগণের জন্য এ জীবন ত্যাগ করব। সবাই ভালো থাকবেন। আস্সালামু আলাইকুম।
জামায়াতের বিক্ষোভ : বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে গতকাল বিকেলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চলের উদ্যোগে জসিম উদ্দিন সড়ক মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিমানবন্দর সড়কে এসে সমাবেশে মিলিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন উত্তরা মডেল আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন, মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।
অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব:) আক্তারুজ্জামান গত বৃহস্পতিবার পবিত্র ওমরা পালন শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছার পর তিনি অন্যান্য যাত্রীর মতই নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ নিজেই জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। অথচ তদন্তের আগেই ওই দিন রাতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আক্তারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। আমি তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি, এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানো এবং নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তিসহ বিভিন্ন বিষয়ে যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব:) আক্তারুজ্জামানসহ বহু যাত্রী যে ধরনের ভোগান্তির শিকার হয়েছেন, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সাথে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব:) আক্তারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সাথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানাচ্ছি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








