
চট্টগ্রাম বু্যুরো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সর্বাত্মক আন্দোলন অব্যাহত রয়েছে। ভিসি পদে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ধারাবাহিক আন্দোলন ও শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে নজিরবিহীন অচলাবস্থা চলছে ক্যাম্পাসে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার ছুটির দিনেও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি আজ ১২ দিনে গড়াচ্ছে; কিন্তু সমস্যার সমাধানে সরকারের তৎপরতা দৃশ্যমান নয়।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিদায়ী ভিসিকে পুনর্বহালের দাবি জানান তারা।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। মিছিলটি ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির পাশাপাশি গত ১১ দিন ধরে মশালমিছিল, লাল কার্ড প্রদর্শন, ৫৬ কেন, শ্বেত শাড়ির গণসাক্ষ্য, সাবেক ভিসির মুখাবয়বের মুখোশ পরে মিছিল, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ ও প্রতিবাদী কনসার্ট-সহ নানা কর্মসূচিও পালন করা হয়।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব দেয়ার ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন ভিসি নিয়োগ দেয়া হয়। এর প্রতিবাদে ওই দিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও এই আন্দোলনে শামিল হন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








