
রয়টার্স
ব্রিটেনের পশ্চিমাঞ্চলের আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে গ্রেফতার হওয়া সন্দেহভাজন পাঁচ ব্রিটিশ নাগরিককে জামিন দিয়েছে পুলিশ। রোববার কড়া শর্তে তাদের মুক্তি দেয়া হয়। বিস্ফোরক দ্রব্য রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল। আটককৃত সবার বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে। প্রশাসনের ধারণা, বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে ওই ব্যক্তিরা বিমানঘাঁটির দিকে এগোচ্ছিলেন। তবে এই ষড়যন্ত্রের নেপথ্যে ইরানের হাত থাকতে পারে বলে ইঙ্গিত মিললেও তেহরান তা সম্পূর্ণ অস্বীকার করেছে।
ব্রিটেনের সন্ত্রাসবাদবিরোধী পুলিশপ্রধান লরেন্স টেলর জানান, জামিন দেয়া হলেও তদন্ত প্রক্রিয়া থেমে নেই। একাধিক কোণ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং তারা এখনো নজরদারির অধীনেই আছেন। উল্লেখ্য, আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি দীর্ঘদিন ধরে মার্কিন বিমানবাহিনী ব্যবহার করে আসছে, যা সম্প্রতি ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযানেও ব্যবহৃত হয়েছে।









