
ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারী ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা এবং তিনি খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে স্টেশন থেকে বিরতির পর ট্রেনটি যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে জানান, প্ল্যাটফর্মটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় এবং ট্রেনের গার্ডের চরম অবহেলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্টেশন মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।
সাপের দংশনে স্কুলছাত্রের মৃত্যু
ঢাকার ধামরাইয়ে মশারির ভেতর লুকিয়ে থাকা বিষধর সাপের দংশনে তারিফ (১৪) নামের এক নবম শ্রেণীর স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে কালামপুর জনতা মডেল স্কুলের শিক্ষার্থী এবং উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সুমন হোসেনের ছেলে। গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ঘুমাতে যাওয়ার সময় মশারির ভেতর থাকা একটি সাপ তাকে দংশন করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। পরিবারের উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। সহপাঠী ও স্থানীয় বাসিন্দারাও এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর পেয়ে পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়েছে এবং ঘটনাটি এলাকায় বেশ বিষাদের ছায়া ফেলেছে। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।
জীবননগরে ৩ শতাধিক বস্তা সার জব্দ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক দিনের ব্যবধানে আবারো অবৈধভাবে মজুদ করা তিন শতাধিক বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করেছে পুলিশ। অভিযানে জড়িত থাকার অভিযোগে হাসাদহ বাজারের কীটনাশক ব্যবসায়ী আব্দুল খালেককে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসাদহ বাজারে জীবননগর থানার ওসির নেতৃত্বে তৌফিক ট্রেডার্সের চারটি গোডাউনে এ অভিযান চালানো হয়। গোপন খবরের ভিত্তিতে জানা যায়, গোডাউনগুলো থেকে এসব সরকারি সার অবৈধভাবে অন্যত্র পাচারের প্রস্তুতি চলছিল। এর আগের দিনও অন্য একটি বাজার থেকে ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করেছিল উপজেলা প্রশাসন। এক দিনের ব্যবধানে দু’টি পৃথক স্থানে বিপুল পরিমাণ সরকারি সার জব্দের ঘটনায় সার বিতরণ ও বাজারজাতকরণ নিয়ে সাধারণ কৃষকদের মনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ ছাড়া চক্রের সাথে জড়িতদের খুঁজতে তদন্ত চলছে। জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।
কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম
ফরিদপুরের নগরকান্দায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় জাবির আল মীর (২২) নামের এক কলেজছাত্রকে টেঁটা দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি মুবিন মোল্যাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় ফুলসূতী ইউনিয়নের বাউতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাবির সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, জাবির ওই দিন বিকেলে বিলে মাছ ধরতে গেলে পূর্ব শত্রুতার জেরে মুবিন দেশীয় অস্ত্র টেঁটা নিয়ে হামলা চালান। জাবির দীর্ঘদিন ধরে মুবিনের প্রকাশ্যে মাদক সেবনে বাধা দিয়ে আসছিলেন এবং বিষয়টি গ্রামবাসী ও স্বজনদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে মুবিন তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ওসি। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।
অবৈধ চুনা কারখানা বন্ধের দাবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫৬টি চুনা ও ঢালাই কারখানা অবিলম্বে বন্ধের দাবিতে মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা আন্দোলন নামের একটি সংগঠনের উদ্যোগে গত শুক্রবার সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঐতিহাসিক এই অঞ্চলে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ কারখানাগুলোর নির্গত বিষাক্ত গ্যাসে বাতাস দূষিত হচ্ছে। ফলে স্থানীয় শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট ও চর্মরোগের মতো জটিল ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। তা ছাড়া প্রাকৃতিক পরিবেশও মারাত্মক হুমকির মুখে পড়ছে। বক্তারা আরো বলেন, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসন ও তিতাসের কিছু অসাধু কর্মকর্তার মদদে এসব কারখানা অবাধে চলছে। চিহ্নিত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
দুর্বৃত্তের বিষে নষ্ট আমনের ক্ষেত
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবাংলার দক্ষিণ পাড়ে সাড়ে সাত একর জমির রোপা আমনে বিষ প্রয়োগ করে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ১০ জন কৃষক জানান, চরবিশ্বাস ইউনিয়নের এই বিচ্ছিন্ন দ্বীপে তারা প্রায় ৬০ হাজার টাকা খরচ করে চাষাবাদ করেছিলেন। ক্ষতিকারক বিষ প্রয়োগ করায় ধানের চারাগুলো সম্পূর্ণ মরে শুকিয়ে যাচ্ছে। সময়মতো ধান উৎপাদন হলে প্রায় দুই লাখ টাকার বেশি ফসল বিক্রির সম্ভাবনা ছিল তাদের। অথচ শত্রুতা করে এই ক্ষতি করায় কৃষকরা এখন নিঃস্ব হয়ে পড়ার শঙ্কায় ভুগছেন। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও তাৎক্ষণিক সহায়তা পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাটিকে মারাত্মক অপরাধ হিসেবে বর্ণনা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।
লুণ্ঠিত ৯৫টি অটোর ব্যাটারি উদ্ধার
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু উত্তর থানার দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকার এক গ্যারেজ থেকে লুট হওয়া ৯৫টি পুরনো ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মাসুদ, আছলাম শেখ ও সজিব ফকির। গত ১৯ সেপ্টেম্বর রাতে ডাকাত দল গ্যারেজের পাহারাদারকে রশি দিয়ে বেঁধে ও মারধর করে ২২টি অটোরিকশার ব্যাটারি ও চার্জার পিকআপে করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা। ঘটনার পর থানায় মামলা হলে মুন্সীগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় আভিধানিক দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যাত্রাবাড়ী, সিরাজদিখাঁন ও টঙ্গীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে এবং ব্যাটারি উদ্ধার করে। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।
ভিমরুলের কামড়ে নানী-নাতনীর মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুকুরপাড়ে থাকা ভিমরুলের কামড়ে নানী সুমরি বেগম (৬২) ও তার পাঁচ বছর বয়সী নাতনী আদিবার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গেলে ভিমরুলের একটি দল শিশু আদিবাকে আক্রমণ করে। নাতনীকে বাঁচাতে সুমরি বেগম এগিয়ে গেলে ভিমরুল তাকেও কামড়ে জখম করে। ঘটনাস্থলেই মারা যায় শিশু আদিবা। অন্য দিকে গুরুতর আহত নানীকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিশুটির মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করায় আদিবা নানা বাড়িতেই থাকত। ময়মনসিংহ অফিস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








