চাটখিলে ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতা করাগারে
গ্রেফতার আবু তাহের আজাদকে আদালতের আদেশে কারাগারে নেয়া হয়। নয়া দিগন্ত

নোয়াখালীর চাটখিলে সাবেক ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আবু তাহের আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

শনিবার (১০ অক্টোবর) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শুক্রবার রাতে উপজেলার রেজ্জাকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

চাটখিল থানা সূত্রে জানা যায়, মুঠোফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগে আবু তাহের আজাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়ার পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযোগকারী বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: হোসেন তানভীর বলেন, ‘আবু তাহের আজাদ ও অস্ট্রেলিয়া প্রবাসী মো: কাজী পারভেজ দীর্ঘদিন ধরে তার সাথে শত্রুতা পোষণ করে আসছেন। পারভেজের প্ররোচনায় আবু তাহের আজাদ আমাকে ও আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মোবাইলফোনে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।’

তিনি বলেন, ‘এসব হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পরে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় জিডি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত পদক্ষেপ নেওয়ায় তিনি পুলিশকে ধন্যবাদ জানান।

এদিকে, ছাত্রদলের সাবেক আরেক নেতা আহসান হাবিব আবু তাহের আজাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ এবং সালিশের নামে সাধারণ মানুষকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন।

আহসান হাবিবের অভিযোগ, নলকূপ, বাথরুম ও পুকুরের গাইডওয়াল নির্মাণসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া সালিশের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও করেন তিনি। এসব কর্মকাণ্ডে দলের সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে দাবি করে আবু তাহের আজাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘মুঠোফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগে আবু তাহের আজাদের বিরুদ্ধে থানায় জিডি ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

তিনি জানান, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট রয়েছে।’