সমৃদ্ধ দেশ গঠনে ব্যক্তি থেকেই পরিবর্তনের সূচনা হতে হবে : আকন্দ

রাজশাহী ব্যুরো
সমৃদ্ধ দেশ ও সমাজ বিনির্মাণে পরিবর্তনের সূচনা ব্যক্তি পর্যায় থেকেই হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, ব্যক্তিগতভাবে মানুষের আত্মার পরিবর্তন না হলে সমাজ ও রাষ্ট্রে কাক্সিক্ষত উন্নয়ন অসম্ভব। গতকাল রাজশাহী মহানগর জামায়াত আয়োজিত ইউনিট সভাপতিদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিউর রহমান আকন্দ দায়িত্বশীলদের তাকওয়াভিত্তিক জীবনযাপন, নফস নিয়ন্ত্রণ এবং আল্লাহর ভয়ে বিনয়ী ও নম্র আচরণের আহ্বান জানান। শিক্ষাশিবিরে ‘সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে ইউনিট দায়িত্বশীলদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে শৃঙ্খলা, যোগ্যতা ও নৈতিক মানোন্নয়নের ওপর জোর দেন।
অন্য আলোচকদের মধ্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। দারসুল কুরআন পেশ করেন প্রফেসর ড. নিজাম উদ্দিন। এতে রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি, নায়েবে আমির ড. মোহাম্মদ জাহাঙ্গীর, অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement