ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়ানোর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরনের তদন্ত, নির্ভরযোগ্য প্রমাণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার আগেই একটি ট্রেনে অগ্নিসংযোগের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে দেয়া অনৈতিক, দায়িত্বজ্ঞানহীন, দুরভিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি রুহুল কবির রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী সন্ত্রাস, অগ্নিসংযোগ, বোমাবাজি, নৈরাজ্য ও জনসম্পদ ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার রাজনৈতিক পরিচয় যা-ই হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় এনে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ জাতির সামনে উপস্থাপন করতে হবে। তদন্তের আগে অভিযোগ এবং প্রমাণের আগে রায় দেয়ার রাজনৈতিক সংস্কৃতি পরিহার করা উচিত।
বিবৃতিতে তিনি রুহুল কবির রিজভীর বক্তব্য প্রত্যাহার করে প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সাথে কোনো ধরনের অপপ্রচার বা ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণœ করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।