বাবার বকুনিতে ঘর ছাড়ে শিশু আব্দুল্লাহ : ৮ দিন পর উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক

পড়াশোনা নিয়ে বাবার একটু বকাঝকা ও শাসন। আর তাতেই অভিমান করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল ১১ বছরের শিশু মো: আব্দুল্লাহ। এরপর দীর্ঘ ৮ দিন ধরে রাজধানীর অলিগলি, স্টেশন ও পথশিশুদের সাথে ঘুরে  বেড়ায়। অবশেষে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় তাকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানার সদস্যরা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ- কমিশনার (এডিসি) মো: নিয়াজ মেহেদী। নিখোঁজের এ ঘটনায় অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা না থাকায় তাকে বাবা মো: আমজাদ শেখের জিম্মায় দেয়া হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সকালে লেখাপড়া নিয়ে আব্দুল্লাহকে বকাঝকা ও শাসন করেন বাবা মো: আমজাদ শেখ। এতে রাগ করে ওই দিন বিকেল ৫টার দিকে হাজারীবাগের ঝাউচর বাজার এলাকার ভাড়া বাসা থেকে কাউকে কিছু না বলে একাই বের হয়ে যায় সে। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ১৪ সেপ্টেম্বর হাজারীবাগ থানায় একটি নিখোঁজ জিডি করেন পরিবারের সদস্যরা।
জিডির পর হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আবদুল হাইয়ের ওপর তদন্তের দায়িত্ব পড়ে। তিনি বাসা থেকে বের হওয়ার সম্ভাব্য পথের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে দেখতে পান, আব্দুল্লাহ একাই হেঁটে হাজারীবাগ বাজারের লেগুনাস্ট্যান্ডে যায়। সেখান থেকে লেগুনায় চেপে গুলিস্তান এবং পরবর্তীতে বাসে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পৌঁছায়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাজারীবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিয়ে আসা হয় এবং তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে পরম মমতায় জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানায়, বাবার শাসনে রাগ করেই সে বাসা ছেড়েছিল। 
তবে এটিই তার প্রথম গৃহত্যাগ নয়; প্রায় দুই মাস আগে একইভাবে অভিমান করে কাউকে কিছু না বলে মুন্সিগঞ্জে চাচার বাড়িতে চলে গিয়েছিল সে। এ নিয়ে মোট তিনবার নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটাল শিশুটি। কোনো ধরনের অপরাধ বা অনাকাক্সিক্ষত ঘটনা না থাকায় প্রাথমিক প্রক্রিয়া শেষে শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।