
নিজস্ব প্রতিবেদক
সালাহউদ্দিন আহমেদকে একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আখ্যায়িত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতিতে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। গত সোমবার রাজধানীর শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ি এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি মিলন বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা ও পিটিয়ে মানুষ মারার মতো ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষ্ক্রিয় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হবে না। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকারি দলের ছত্রচ্ছায়ায় কাওরান বাজারসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা ছাড়া কেবল স্থানীয়ভাবে এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।
তিনি এলাকাবাসীকে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সংগঠিত হয়ে চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে জনগণকে সাথে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: উল্লাহ ভূঁইয়া হারুনের ব্যবস্থাপনায় এবং মো: রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জামায়াতের শিল্পাঞ্চল থানা আমির মো: কলিম উল্লাহ ও সেক্রেটারি নূর উদ্দিন মো: জাহিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








