নির্বাচন, নির্বাচন কমিশন
নিজ দফতরে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার নয়া দিগন্ত

অবশেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এলো নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। ফলে চলতি বছর নির্বাচন হচ্ছে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বর বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার চিন্তা করছে নির্বাচন কমিশন।’

তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সাথে চিঠি চালাচালি করতে হয় এমন কোনো নজির নেই। সরকারের সাথে নির্বাচন উপযোগীর তালিকা চাওয়া হয়েছে।’

ইসি আনোয়ারুল বলেন, ‘পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত থাকেন। তাই এই সময়টাতে নির্বাচন করা কঠিন। বাস্তবতার নিরিখে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।’

এদিকে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে এর আগে সরকারের মন্ত্রীদের বক্তব্য ছিল বিপরীতমুখী। এখন ইসি সরকারের মন্ত্রীদের পথেই এলো। সম্প্রতি এক বৈঠক শেষে ইসি আবুল ফজল মো: সানাউল্লাহ জানিয়েছিলেন, ১২ নভেম্বর প্রথম দফায় ভোট। আর পুরো নির্বাচন হবে সাত পর্বে। ৬ জুনের মধ্যে তারা নির্বাচন শেষ করতে চান। এখন সেই পথে নেই ইসি।