
সংসদ প্রতিবেদক
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার পরিধি বাড়ানো এবং জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা এবং শিশুদের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের বিষয়ে আলোচনা হয়। শিশুদের সুচিকিৎসার জন্য ‘শিশু স্বর্গ’ নামের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনকার্যক্রমের বিষয়েও কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে জানানো হয়, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রমও চলমান রয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের টিকার বর্তমান মজুদ পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিয়ে প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম জোরদারের বিষয়ে কমিটি গুরুত্বারোপ করে।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, মো: আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো: আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো: আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু অংশগ্রহণ করেন।








