হাউছি-জোট-সৌদি আরব-ব্যালিস্টিক
হাউছিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি জোট সংগৃহীত

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, ইরান-সমর্থিত হাউছিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তাদের বাহিনী।

আল জাজিরা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জানায়, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাউছিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের বাহিনী ধ্বংস করেছে।

আল-মালিকি আরো বলেন, 'সন্ত্রাসী হাউছি  মিলিশিয়ার উসকানি ও লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে।'

এর আগে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য বিপদসংকেত জারি করেছিল। এর মধ্যে ছিল পবিত্র নগরী মক্কা, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক এলাকা, লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ।

তবে এসব সতর্কতা কতক্ষণ বহাল ছিল বা ক্ষেপণাস্ত্রগুলো কোথায় ধ্বংস করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।