
দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর প্রস্তুতি এগিয়ে নিতে পাঁচটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর মো: মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এলওআই পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো ভুটানের ডিকে ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রস্তাবিত ডিকে ডিজিটাল ব্যাংক লিমিটেড, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে বিকাশ ডিজিটাল ব্যাংক, বাংলালিংকের উদ্যোগে নোভা ডিজিটাল ব্যাংক, রবি আজিয়াটার উদ্যোগে বুস্ট ডিজিটাল ব্যাংক এবং টেকনোহ্যাভেনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এন করিমের প্রতিষ্ঠিত কড়ি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এলওআই পাওয়া মানেই চূড়ান্ত ব্যাংকিং লাইসেন্স পাওয়া নয়। ব্যাংকিং কার্যক্রম শুরুর আগে এসব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলাসহ বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিভিন্ন শর্ত ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পূরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ২০২৩ সালের ১৪ জুন জারি করা ডিজিটাল ব্যাংকিং নীতিমালা অনুযায়ী, একটি ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ৩০০ কোটি টাকা।
ডিজিটাল ব্যাংকগুলো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে ব্যাংকিং সেবা দেবে। প্রচলিত ব্যাংকের মতো এসব ব্যাংকের কোনো শাখা থাকবে না, শুধু একটি প্রধান কার্যালয় থাকবে।
আর্থিক সেবাকে মানুষের আরো কাছে পৌঁছে দেয়া এবং ডিজিটাল ব্যাংকিংয়ের পরিধি বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের চলমান উদ্যোগের ধারাবাহিকতায় পাঁচটি ব্যাংককে এলওআই দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাসস








