ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

 বগুড়া অফিস 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অপেশাদার চেয়ারম্যানের অপসারণ ও স্বতন্ত্র বোর্ড গঠনসহ ৬ দফা দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। মঙ্গলবার বেলা আড়াইটায় কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ বগুড়া শাখা  ভবনের সামনে  ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট শাহীন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সদস্যসচিব ব্যবসায়ী নেতা সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসাইন, প্রভাষক আব্দুল হালিম, ডা. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা মাস্টার আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সমাবেশে ফোরামের আহ্বায়ক শাহীন মিয়া বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অপেশাদার চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। দায়িত্ব নেয়ার তিন মাসের বেশি সময় পার হলেও ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে পারেনি। সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। সমাবেশ শেষে একটি  বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে ব্যাংকের শেয়ারহোল্ডার, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সাধারণ আমানতকারীরা অংশ নেন।

Advertisement