সাত মাস পর চালু হচ্ছে যমুনা সার কারখানা

 জামালপুর প্রতিনিধি ও সরিষাবাড়ী সংবাদদাতা
দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর চালুর প্রক্রিয়া শুরু হয়েছে দেশের বৃহত্তর ইউরিয়া উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা তীরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)।
এ লক্ষ্যে কারখানায় আবারো গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড। ফলে উৎপাদনে ফেরার প্রক্রিয়া শুরু করেছে ইউরিয়া সার কারখানাটি। গত রোববার ২০ সেপ্টেম্বর দুপুরে কারখানার স্যুট-আপ কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন উৎপাদন শাখার প্রধান (জিএম অপারেশন) ফজলুল রহমান রতন।
জেএফসিএল সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে কারখানাটির বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়।  দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া এবং ১০৭৮ মেট্রিক টন আমোনিয়া উৎপাদন ক্ষমতাসম্পন্ন যমুনা ফার্টিলাইজার কোম্পানি ২০২৪ সালের জানুয়ারি মাসে গ্যাসসঙ্কটের কারণে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ প্রায় দুই বছর পর তিতাস গ্যাস পুনরায় গ্যাসসংযোগ দিলে উৎপাদনে ফিরতে পারেনি শিল্পপ্রতিষ্ঠানটি।
এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাস আবারো গ্যাসসঙ্কটে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর প্রায় ৭ মাস পর গত রোববার  দুপুরে পুনরায় ইউরিয়া সার উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
উৎপাদন শাখার প্রধান ফজলুল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সাত মাস পর গ্যাস সরবরাহ পেয়ে রোববার দুপুর ১২টা থেকে স্টার্টআপ কার্যক্রম চলমান রাখা হয়েছে। ফলে যমুনা সার কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় প্রবেশ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে  ইউরিয়া উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি  আরো বলেন, দীর্ঘ দিন বন্ধ থাকলে যেকোনো মেশিনের ত্রুটি হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে না। আশা করি সফলভাবে উৎপাদনে যাওয়া যাবে।

Advertisement