রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ ভবনের ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল গোয়েন্দা (ডিবি) পুলিশ আসামি মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা যায়, শুনানিকালে আসামিপক্ষে কোনো জামিনের আবেদন করা হয়নি। ডিবির তেজগাঁও জোনাল টিমের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন জানান, একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি মাকছুদার কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে। এর আগে আদালত এমপি নজরুলের চার দিন ও মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলাটির তদন্তভার শেরেবাংলা নগর থানা থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়।