
রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগণের কাছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।
রংপুর সিটির উন্নয়নে এক হাজার ৮০০ কোটি টাকা একনেকে পাশ করায় সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি মাঠে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি।
রংপুর সিটি প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলেছিলেন, সিটির উন্নয়নের জন্য প্রকল্প দাও। আমি দিয়েছিলাম। প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ও এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এক হাজার ৮১২ কোটি টাকার এই বৃহৎ প্রকল্পটি একনেকে পাশ করেছেন। সিটি করপোরেশন হওয়ার পর থেকে এ পর্যন্ত সব থেকে বড় বরাদ্দ এটি। এজন্য নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘যে বরাদ্দটি এসেছে, সেই বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়, সেটি দেখার দায়িত্ব যেমন সিটি করপোরেশনের রয়েছে, ঠিক তেমনি এই রংপুর নগরবাসীরও রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে আমি প্রতি দুই বা তিন মাস পর পর এই প্রকল্পের যাবতীয় আপডেটেড তথ্যগুলো নগরবাসীকে দেবো, ইনশাআল্লাহ। কারণ প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে।’
ডন বলেন, ‘আমি রংপুর সিটি করপোরেশনের প্রশাসক নই, রংপুরের একজন সেবক হিসেবে বলতে চাই, আমার জায়গা থেকেও আমি জবাবদিহিতার আওতায় আসতে পছন্দ করি। আমাদের এই যে ১৮০০ কোটি টাকার একটি বড় প্রকল্প একনেক-এ অনুমোদন হলো, এই প্রকল্পগুলোর অর্থ ছাড় হতে কিছুটা সময় লাগবে। ন্যূনতম তিন থেকে চার মাস এই অর্থটি পেতে আমাদের সময় লাগবে। তিন-চার মাস পরে আমরা আশা করছি যে, যখন আমরা এই প্রকল্পের অর্থ ছাড় পাবো, তারপরে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপে যাব। টেন্ডার প্রক্রিয়ায় যাব এবং কাজগুলো তখন শুরু করব। আপনারা সবাই পাশে থাকবেন।’
এর আগে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হলে সিটি প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলীয় ও পেশাজীবীরা।
এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন উপস্থিত জনতা। পরে রাতে কনসার্ট অনুষ্ঠিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








