
গণকর্মচারীদের দীর্ঘ দিনের বহুল কাক্সিক্ষত দাবি নবম পে-স্কেলের গেজেট জারি ও বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহকারী সচিব মো: আবদুল খালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, মহাসচিব বেল্লাল হোসেন, সহসভাপতি রফিকুল আলম, যুগ্ম মহাসচিব মো: শাহজাহান সিরাজ ও আবদুল গাফফারসহ ঢাকা মহানগর সমন্বয় পরিষদের নেতারা।
এ সময় পরিষদের সভাপতি এম এ হান্নান দেশের সব সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের আহ্বান জানান। পরে সভাপতি এম এ হান্নান ও মহাসচিব বেল্লাল হোসেনের নেতৃত্বে সরকারি কর্মচারীদের অবশিষ্ট পাঁচ দফা প্রস্তাবিত দাবি অর্থমন্ত্রীর কাছে পেশ এবং তা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। তাদের ৫ দফা দাবি হচ্ছে-
১. আউটসোর্সিং প্রথা সম্পূর্ণরূপে বাতিল করে এই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তদের রাজস্ব খাতে স্থানান্তর। ২. ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য পুলিশের মতো রেশন সুবিধা চালু। ৩. সচিবালয়ের কর্মচারীদের মতো সমগ্র প্রজাতন্ত্রের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন। ৪. পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিদ্যমান বিশেষ সুবিধা বহাল রাখা। ৫. ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পোশাক ভাতা নার্সদের মতো সরাসরি বেতনের সাথে প্রদান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








