
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’-এ যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি। প্রতিটি স্কিমের তহবিলের আকার এক হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আওতায় পরিচালিত এ দু’টি স্কিমের জন্য পূবালী ব্যাংক পৃথক দু’টি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একই দিনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা এবং আরএমজি ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো: নজরুল ইসলাম সরকারসহ বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ দু’টি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে পূবালী ব্যাংক পিএলসি পরিবেশবান্ধব শিল্পোদ্যোগ এবং সম্ভাবনাময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অর্থায়ন সম্প্রসারণে আরো কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে যোগ্য উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের টেকসই শিল্পায়ন, প্রযুক্তিগত সমতা, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা আরো গতিশীল হবে। বিজ্ঞপ্তি।







