বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি হাতে বিএনপির মিছিল
ads

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি ও দেশীয় অস্ত্র হাতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে কঠোর অবস্থানের কথা জানান তারা। গতকাল শুক্রবার সকালে উপজেলার কায়চাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ঢাল-সরকিসহ দেশীয় অস্ত্র দেখা যায়। বিভিন্ন স্লোগান দিয়ে তারা সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। বিএনপি নেতারা বলেন, এলাকায় কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। লকডাউনের নামে জনজীবন ও স্বাভাবিক চলাচল ব্যাহত করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক তৈবুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।