সংক্ষিপ্ত সংবাদ
ads


প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার নোবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার দারুল উলুম হোসাইনিয়া মাদরাসা ও এতিমখানায় ২৫০ জন এতিম শিক্ষার্থীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন উপাচার্য। মাহফিলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। নোয়াখালী অফিস।

নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন

বগুড়ার কেশপুরে জোরপূর্বক বসতঘর ও জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ১৭টি পরিবার। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর এলাকার সড়কে দাঁড়িয়ে তারা এ কর্মসূচি পালন করেন। ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা হলেন শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর (হাজিমারা) এলাকার রজব আলী, স্বপন, মেরিনা, ইয়াকুব, বদি, আবদুুর রশিদ, মঞ্জিল, মিলন, মোমিন, আরিফ, মনোয়ারা, মালেক, সিরাজুদ্দৌলা জাম্বুসহ মোট ১৭টি পরিবারের সদস্যরা। ভুক্তভোগীদের অভিযোগ, মৃত হজরত আলীর ছেলে শাহিন ওরফে রাজু, হামছায়াপুর এলাকার মৃত আফছার আলীর ছেলে আকবর ড্রাইভার ও দহপাড়া এলাকার লাল মিয়ার ছেলে লিটন দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের পাঁয়তারা করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অভিযুক্ত শাহিন ওরফে রাজু দাবি করেন, জমির কাগজপত্র তাদের ঠিক আছে, বরং তারাই জোর করে দখল করে আছেন। কেশপুর থানার ওসি একরামুল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কেশপুর (বগুড়া) সংবাদদাতা।

বৃদ্ধার কান কেটে দুল ছিনতাই

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে বেগম বিবি নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বেগম বিবি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। ছিনতাইকারী কানের দুল ছিনিয়ে নিতে মুগুর দিয়ে তার মাথায় আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার কান কেটে স্বর্ণের কানের দুল ও নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার মাঝপথে তার মৃত্যু হয়। ওসি আবুল কালাম আজাদ জানান, জড়িতদের ধরতে অভিযান চলছে। মাদারীপুর প্রতিনিধি।

কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণ, আহত ২

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও উদ্বেগের মধ্যে কুষ্টিয়া শহরের ব্যস্ততম মজমপুর রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে একটি ভাঙারির দোকানের সামনে এ বিস্ফোরণে টোকাই ও দোকানদারসহ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন টোকাই সুমন ও ভাঙারি ব্যবসায়ী রুহুল আমিন; তাদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমনের দাবি, বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনা পরিত্যক্ত বোতল ও জর্দার কৌটাভর্তি ব্যাগ ভাঙারির দোকানে বিক্রি করতে গেলে হঠাৎ ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে দুইজনেরই দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। মডেল থানার ওসি জাকির হোসেন জানান, তারা ককটেলটি বহন করছিলেন নাকি কুড়িয়ে পেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কুষ্টিয়া প্রতিনিধি।                                                                                                          

স্কুলব্যাগে সাড়ে ৮ লাখ টাকার ইয়াবা

চাঁদপুর শহরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিব খান (৩৫) নামের এক যুবককে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা। হাবিব খান মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খানবাড়ির হাশিম খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোররাতে শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ান মিনিটের মোড় সংলগ্ন ‘সাধনা ঔষধালয়’-এর সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক হাবিবের দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করে একটি স্কুলব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ওসি ফয়েজ আহমেদ জানান, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো রাখা হয়েছিল; এর পেছনে কোনো চক্র আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের চীবর দানোৎসব

বিশ্বশান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজবন বিহারের প্রয়াত ধর্মীয়গুরু সাধনানন্দ মহাস্থবিরের (বনভন্তে) স্মৃৃতির উদ্দেশ্যে বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘণ্টায় তৈরি চীবর ভিক্ষু সঙ্ঘের হাতে উৎসর্গ করা হয়। সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরের হাতে এ চীবর তুলে দেন। বৌদ্ধ সন্ন্যাসীদের পরিধেয় গেরুয়া রঙের বস্ত্রকে ‘চীবর’ বলা হয়। গত বৃহস্পতিবার বিকেলে চরকায় সুতা কাটা ও বেইন ঘরের কাজের মধ্য দিয়ে দুই দিনের আয়োজন শুরু হয়। দুই শতাধিক বেইন ও দেড় শতাধিক চরকায় হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে চীবর তৈরি হয়। ভারতের মহারাষ্ট্র থেকে আসা ২০ জন বিদেশীসহ বহু ভক্ত ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। রাঙ্গামাটি প্রতিনিধি।