দুষ্কৃতকারীদের ছাড় দেয়া হবে না : খায়রুল কবির খোকন
ads

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

দেশে যারা অরাজকতা, বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের কোনোভাবেই মেনে নেয়া হবে না। অপরাধী যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর।
গতকাল শুক্রবার মাধবদী বাজার বড় মসজিদে জুমার নামাজের আগে মুসল্লি ও সাধারণ জনগণের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী-১ আসনের এমপি ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
তিনি বলেন, বিগত সরকারের দোসররা  রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টরা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ কাশিয়ানীতে বিভিন্ন থানায় হামলা চালিয়েছে, স্বৈরাচার সরকারের সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে তিনি বলেন এই দুঃসাহস নরসিংদীতে দেখাবেন না তাহলে কিন্তু কোনোভাবেই রক্ষা পাবেন না। শান্তি-শৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো দুষ্কৃতকারীকে প্রশ্রয় দেয়া যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন মাধবদী শহর বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।