পানের বরজে নারীর লাশ
ads

রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার করিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাকের স্ত্রী। তার বাবার নাম কোঁকড়া। জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে শেফালীর ছেলে নবাব আলী দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও মা ঘরে নেই। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মোহনপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।