এই গণহত্যা থামাবে কে
এই গণহত্যা থামাবে কে। নয়া দিগন্ত গ্রাফিক্স

তিনি না হিন্দু, না মুসলমান; বরং তিনি একজন ব্রিটিশ খ্রিষ্টান। সাংবাদিকতা পেশা তাকে ব্রিটেন থেকে ভারতে নিয়ে আসে। তিনি নিজের পরিশ্রম ও যোগ্যতার বলে ১৯৪২ সালে কলকাতার বিখ্যাত ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান-এর সম্পাদক হন। শুধু ব্রিটিশ সরকারের নীতিনির্ধারক মহলেই তার যাতায়াত ছিল, তা নয়; বরং কংগ্রেস ও মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকখানাতেও তার অবাধ যাতায়াত ছিল। তবে কখনোই তার লেখনীতে এই সুসম্পর্কের প্রভাব দেখা যেত না। সেই মহান সাংবাদিকের নাম ছিল আয়ান স্টিফেন্স, যিনি একই সাথে মহাত্মা গান্ধী ও কায়েদে আজম মুহাম্মদ আলি জিন্নাহর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। 

Advertisement

১৯৪৭ সালে ভারত ভাগের পর আয়ান স্টিফেন্স বাংলা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মিরে সংঘটিত গণহত্যা নিয়ে যা লিখেছেন, তা আজো গুরুত্বপূর্ণ ও প্রামাণ্য ঐতিহাসিক দলিল বলে গণ্য করা হয়। যতদিন গান্ধী বেঁচে ছিলেন, আয়ান স্টিফেন্সকে কলকাতায় খুব বেশি সমস্যার মুখে পড়তে হয়নি; কিন্তু গান্ধীর নিহত হওয়ার পর নেহরুর দেশে তার জন্য সত্য প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। জম্মু-কাশ্মিরের হত্যাকাণ্ড নিয়ে তার লেখালেখি এবং ভারত সরকারের কাশ্মির নীতির সমালোচনা বিশ্বের বৃহৎ গণতন্ত্রের জন্য অসহনীয় ছিল। ফলস্বরূপ ১৯৫১ সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের চাপে দ্য স্টেটসম্যান-এর সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়ে তাকে ব্রিটেন ফেরত যেতে হয়। প্যাটেল এই ব্রিটিশ সাংবাদিক আয়ান স্টিফেন্সকে ভারত থেকে এ কারণে বহিষ্কার করেছিলেন যে, তিনি তার পত্রিকায় ১৯৪৭ সালের ৫ ও ৬ নভেম্বর জম্মুতে মুসলমানদের পরিকল্পিত গণহত্যার সচিত্র বিবরণ সবিস্তারে প্রকাশ করেছিলেন এবং পরবর্তী তিন চার পর্যন্ত এই গণহত্যার ফলোআপ প্রতিবেদন প্রকাশ করেছেন। আজও যখন ১৯৪৭ সালের দেশভাগের সময়কার রক্তপাত নিয়ে আলোচনা হয়, তখন সাধারণত কেবল বাংলা ও পাঞ্জাবের কথাই উল্লেখ করা হয়, জম্মু-কাশ্মিরের গণহত্যার আলোচনা আসে না। আয়ান স্টিফেন্স একমাত্র সাংবাদিক, যিনি ১৯৪৬ সালে বাংলায় এবং ১৯৪৭ সালে পাঞ্জাব ও জম্ম-কাশ্মিরের গণহত্যাকে সমান গুরুত্ব দিয়েছেন। আয়ান স্টিফেন্স ১৯৪৭ সালের অক্টোবর ও নভেম্বরে কেবল জম্মুর বিভিন্ন অঞ্চলে নিহত মুসলমানের সংখ্যা দুই লাখ ৩৭ হাজার বলে উল্লেখ করেছেন। এ সংখ্যা আজো নিকট অতীতে বসনিয়া ও গাজায় নিহত মুসলমানদের সংখ্যার চেয়েও অনেক বেশি। যখন স্টিফেন্স বার বার এ কথা লিখলেন যে, ভারত সরকার জম্মু-কাশ্মির রাজ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যাকে সংখ্যালঘুতে রূপান্তর করার জন্য নিজেদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় একটি সুপরিকল্পিত গণহত্যা চালিয়েছে এবং এর কোনো তদন্ত হচ্ছে না, তখন স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেল দ্য স্টেটসম্যান-এর কর্তৃপক্ষের ওপর চাপ দিতে শুরু করেন যাতে আয়ান স্টিফেন্সকে পত্রিকা থেকে বের করে দেয়া হয়। পত্রিকার কর্তৃপক্ষ দীর্ঘদিন এই চাপ সহ্য করতে পারেনি। ফলে আয়ান স্টিফেন্স চাকরি ছেড়ে দেন বটে, তবে এরপর তিনি বেশ কিছু বই লেখেন এবং সেই সত্যগুলোকে ইতিহাসের স্বতন্ত্র অংশ বানিয়ে দেন, যে সত্য ধামাচাপা দেয়ার জন্য ভারত সরকার তাকে চাকরিচ্যুত করেছিল। স্টিফেন্স ১৯৪৬ সালের আগস্টে কলকাতা ও ১৯৪৭ সালের অক্টোবরে নোয়াখালীর গণহত্যা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন। তিনি নোয়াখালীতে মহাত্মা গান্ধীর সাথে দীর্ঘ সময় কাটান। গান্ধী দাঙ্গার আগুন শান্ত করার জন্য বেশ ক’দিন সেখানে অবস্থান করেন। স্টিফেন্স বাংলা ও বিহারের দাঙ্গায় আরএসএস-এর ভূমিকা সম্পর্কে অবগত ছিলেন, তাই ৫ ও ৬ নভেম্বর জম্মুতে যখন গণহত্যা সংঘটিত হয়, তখন স্টিফেন্সের কলম আরএসএস-এর পিছু নেয়। সংবাদপত্রের চাকরি ত্যাগ করার পর তিনি একটি বই লেখেন, যার নাম Horned Moon অর্থাৎ বাঁকা চাঁদ। এটা ছিল ভারত, আফগানিস্তান ও জম্মু-কাশ্মির সম্পর্কিত স্টিফেন্সের একটি ভ্রমণকাহিনী, যেখানে তিনি জম্মুর গণহত্যার উল্লেখ করেছিলেন। এরপর তিনি দ্য পাকিস্তান নামে আরেকটি বইয়ে এই গণহত্যার বিস্তারিত বিবরণ দেন। প্রতি বছর যখন ৬ নভেম্বর জম্মু শহীদ দিবস পালন করা হয়, তখন অবশ্যই আয়ান স্টিফেন্সকে স্মরণ করা হয়, যিনি জম্মুর এই ভয়াবহ গণহত্যাকে ইতিহাসের ধূলিচাপায় মুছে যাওয়া থেকে রক্ষা করেছেন। যখন স্টিফেন্স ভারতীয় রাষ্ট্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় জম্মুতে সংঘটিত গণহত্যার তথ্য প্রকাশ করা শুরু করলেন, তখন ভারতের সরকারি বুদ্ধিজীবীরা এই গণহত্যাকে ১৯৪৭ সালের অক্টোবর মাসে জম্মু-কাশ্মিরের ওপর উপজাতীয় পাখতুনদের হামলার প্রতিক্রিয়া হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা শুরু করেন। ঐতিহাসিক সত্যগুলো এই মিথ্যা প্রত্যাখ্যান করে। 

''আমি এই গণহত্যার এক প্রত্যক্ষদর্শী বেদ ভাসিনের মুখ থেকে বেশ কিছু ভয়াবহ ঘটনার কথা শুনেছি, যখন তিনি ২০০৪ সালে অটল বিহারি বাজপেয়ির সাথে পাকিস্তান সফরে এসেছিলেন। তিনি শ্রীনগরের কাশ্মির টাইমস পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমানে এই পত্রিকার সম্পাদক তার কন্যা অনুরাধা ভাসিন। অনুরাধা সম্প্রতি Dismantled State নামে একটি গ্রন্থ লিখেছেন, যেখানে তিনি বলেছেন, ভারতের বিজেপি সরকার জম্মু-কাশ্মিরের মুসলমানদের সংখ্যালঘুতে রূপান্তরিত করার সুদূরপ্রসারী এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। এই বই পড়ে স্পষ্ট বোঝা যায় যে, ১৯৪৭ সালের ৫ ও ৬ নভেম্বর যে গণহত্যা শুরু হয়েছিল, তা আজো জম্মু-কাশ্মিরে অব্যাহত রয়েছে এবং তা থামানোর কেউ নেই''

আরএসএস ১৯৪৭ সালের জুলাইয়ে লাহোরে ঠিক তেমনি এক গণহত্যার পরিকল্পনা করেছিল, যেমনটি ১৯৪৭ সালের ৫ ও ৬ নভেম্বর জম্মুতে সংঘটিত হয়েছিল। ড. সাঈদ আহমদ মালিকের ‘১৯৪৭ কা মুসলিম কতলে আম’ (১৯৪৭ সালের মুসলিম গণহত্যা) গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে, মাওলানা আবুল কালাম আজাদের চাচাতো ভাই মৌলভি জিয়াউদ্দিন কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে, কংগ্রেস আরএসএস-এর সাথে মিলে লাহোরে মুসলমানদের গণহত্যার পরিকল্পনা করেছে। তিনি এই তথ্য লাহোর পুলিশের এক মুসলিম কর্মকর্তাকে জানান। ১৯৪৭ সালের জুলাই মাসে এক দিন মোচি গেট থানার পুলিশ শাহ আলমি দরোজায় অভিযান চালিয়ে আরএসএস-এর কমান্ডার রাজা রাম সিংকে অস্ত্র ও হাতবোমাসহ গ্রেফতার করে। এই পরিকল্পনায় লাহোর হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তেজা সিংও জড়িত ছিলেন, যিনি দিল্লি থেকে লাহোরে অস্ত্র আনার জন্য ওয়ালটন বিমানবন্দর ব্যবহার করতেন। এই পরিকল্পনার অংশ হিসেবে লাহোরে দুই লাখ মুসলমানকে হত্যা করার টার্গেট ছিল। লাহোরে এই পরিকল্পনা তো বাস্তবায়ন করা যায়নি, তবে কয়েক মাস পর জম্মুতে তা ঠিকই বাস্তবায়ন করা হয়। ১৯৪৭ সালের ১৯ জুলাই জম্মু-কাশ্মিরে মুসলিম লীগের জোটভুক্ত দল মুসলিম কনফারেন্স শ্রীনগরে অনুষ্ঠিত তাদের বৈঠকে পাকিস্তানের সাথে যোগদানের সিদ্ধান্ত নিলে মহারাজা হরি সিংয়ের ডোগরা সেনা জম্মু-কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে গণহত্যা শুরু করে। এই গণহত্যার প্রতিবাদে পুঞ্চ, বাগ ও মুজাফফার থেকে শুরু করে মিরপুর পর্যন্ত মুসলমানরা বিদ্রোহ ঘোষণা করে। 

১৯৪৭ সালের ৬ সেপ্টেম্বর ডোগরা সেনার মেজর খাজুর সিংয়ের নির্দেশে মুসলিম কনফারেন্সের নেতা সায়্যিদ খাদিম হুসাইন শাহকে বাগে প্রকাশ্যে গুলি করে শহীদ করা হয়। সেই সময় ১৯৪৭ সালের সেপ্টেম্বরে জম্মুর উস্তাদ দা মহল্লা ও পাঠানাঁ দা মহল্লায় মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হয়। আজাদ কাশ্মির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি চৌধুরী রহিম দাদ তার আত্মজীবনী নুকুশে রহিম গ্রন্থে লিখেছেন যে, ১৯৪৭ সালে ডোগরা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি নিজে কোহাটের এক পাখতুন নাজির গুলের মাধ্যমে উপজাতীয়দের সাথে যোগাযোগ করেছিলেন এবং তাদের জন্য রাইফেলের ব্যবস্থা করেছিলেন। জম্মুর মুসলমানরা তখন নিরস্ত্র ছিল এবং তাদের নেতা চৌধুরী গোলাম আব্বাস কারাগারে বন্দী ছিলেন। জম্মুর মুসলমানদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়া হয়েছিল এবং তাদেরকে লরিতে করে শিয়ালকোট পৌঁছে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। এই মুসলমানদের সাথে যে প্রতারণা করা হয় এবং যেভাবে তাদের হত্যা করা হয়, তা আজাদ কাশ্মির হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ইউসুফ সারাফ প্রত্যক্ষদর্শীদের বরাতে তার Kashmirs Fight For Freedom গ্রন্থে চিরতরে সংরক্ষণ করে গেছেন। আমি এই গণহত্যার এক প্রত্যক্ষদর্শী বেদ ভাসিনের মুখ থেকে বেশ কিছু ভয়াবহ ঘটনার কথা শুনেছি, যখন তিনি ২০০৪ সালে অটল বিহারি বাজপেয়ির সাথে পাকিস্তান সফরে এসেছিলেন। তিনি শ্রীনগরের কাশ্মির টাইমস পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমানে এই পত্রিকার সম্পাদক তার কন্যা অনুরাধা ভাসিন। অনুরাধা সম্প্রতি Dismantled State নামে একটি গ্রন্থ লিখেছেন, যেখানে তিনি বলেছেন, ভারতের বিজেপি সরকার জম্মু-কাশ্মিরের মুসলমানদের সংখ্যালঘুতে রূপান্তরিত করার সুদূরপ্রসারী এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। এই বই পড়ে স্পষ্ট বোঝা যায় যে, ১৯৪৭ সালের ৫ ও ৬ নভেম্বর যে গণহত্যা শুরু হয়েছিল, তা আজও জম্মু-কাশ্মিরে অব্যাহত রয়েছে এবং তা থামানোর কেউ নেই। 

পাকিস্তানের দৈনিক জং-এর ৫ নভেম্বর, ২০২৬ সংখ্যায় প্রকাশিত। উর্দু থেকে ভাষান্তর ইমতিয়াজ বিন মাহতাব
ahmadimtiajdr@gmail.com
হামিদ মীর : পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট